মাইনে হবে কি চাকরিহারাদের? শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ মিটিং-হবে SSC অভিযানও

সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। রুজিরুটির এই চরম অনিশ্চয়তার মধ্যে আরও একটি গভীর শঙ্কা দানা বেঁধেছে তাঁদের মনে – চলতি এপ্রিল মাসের বেতন কি তাঁরা আদৌ পাবেন? এই প্রশ্নই এখন চাকরিহারাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

অন্যদিকে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন আরও জোরদার করছেন তাঁরা। আগামী শুক্রবার চাকরিহারারা সল্টলেকের এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) ভবন অভিযানের ডাক দিয়েছেন। একই দিনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাঁদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

চাকরি বাতিলের আবহের মধ্যেই সম্প্রতি রাজ্যের স্কুলগুলির বেতন পোর্টাল খুলেছে। সেখানে এখনও পর্যন্ত চাকরিহারাদের নামও দেখা যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, আইনি জটিলতার কারণে তাঁরা কি এই মাসের বেতন আদৌ পাবেন? একাংশের আইনজীবীর মতে, সুপ্রিম কোর্টের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও যদি চাকরিহারাদের চলতি মাসের বেতন দেওয়া হয়, তবে তা আদালত অবমাননার শামিল হতে পারে।

সূত্রের খবর, শিক্ষা দফতর এই বিষয়ে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে। চাকরিহারাদের চলতি মাসের বেতন দেওয়া হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আইনি পরামর্শ চাওয়া হয়েছে। বেতন পোর্টাল আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। আশা করা যাচ্ছে, তার আগেই আইনি মতামত নিয়ে শিক্ষা দফতর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। শুধু বেতনই নয়, সম্প্রতি ঘোষিত বর্ধিত ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এই চাকরিহারাদের দেওয়া হবে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আইনি মহলের একাংশের মত, যেহেতু সুপ্রিম কোর্টের রায়ে তাঁদের চাকরি বাতিল হয়েছে, তাই বেতন সহ অন্য কোনও আর্থিক সুবিধা প্রদান আদালতের নির্দেশ অমান্য করার শামিল হতে পারে। তবে চাকরিহারাদের বক্তব্য, বেতন না পেলে এই কঠিন পরিস্থিতিতে তাঁদের জীবনধারণ করাই দুর্বিষহ হয়ে পড়বে।

এদিকে, কসবায় চাকরিহারাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। চাকরিহারারা ইতিমধ্যেই এসএসসি ভবনের কাছে রিলে অনশনে বসেছেন এবং গতকাল বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলও সংগঠিত করেন। শুক্রবারের এসএসসি ভবন অভিযান এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠক এই আন্দোলনের গতি কোন দিকে নিয়ে যায়, সেদিকেই তাকিয়ে আছেন সকলে।