TRP বেহাল, মাত্র ১০ মাসেই বন্ধ জি বংলার এই সিরিয়াল? চিন্তায় দর্শকরা!

টিআরপি তলানিতে ঠেকলেই বাংলা মেগা ধারাবাহিক বন্ধ করে দেওয়ার প্রবণতা এখন যেন জি বাংলার চেনা ছবি। বছরের পর বছর ধরে চলা গল্পের দিন শেষ। ব্যবসার নিরিখেই নির্ধারিত হচ্ছে ধারাবাহিকের ভাগ্য। নিত্যনতুন গল্পের আনাগোনা যেমন লেগেই থাকে, তেমনই তিন মাস, ছয় মাস বা বছর না ঘুরতেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক।
সেই একই পথে হাঁটছে জি বাংলার ‘পুবের ময়না’ ধারাবাহিকটিও। দুই বাংলাকে নিয়ে গত বছর (২০২৪) জুন মাসে শুরু হয়েছিল রোদ্দুর আর ময়নার প্রেমের গল্প। তবে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করার আগেই, এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এর আগেও চলতি বছরের শুরুতেই ‘পুবের ময়না’ বন্ধের খবর ছড়িয়েছিল। এমনকি শেষ দিনের শুটিং হয়ে যাওয়ার পরেও, দর্শকদের ভালোবাসায় ফের শুরু হয়েছিল এই ধারাবাহিক।
সেই সময় অভিনেতা গৌরব রায়চৌধুরী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, “এটা দর্শকদের ভালোবাসা। এই কারণেই আমাদের ফেরা। হঠাৎ করেই শুনলাম এটা শুরু হচ্ছে। ওটিটি-তে এই মেগা দর্শক খুব পছন্দ করেছে, তাই চ্যানেল ঠিক করেছে দর্শকই শেষ কথা।”
তবে TRP-র দৌড়ে ‘পুবের ময়না’ এখনও তেমনভাবে নজর কাড়তে পারেনি। একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’-এর কাছেও স্লট হারিয়েছে এটি। এরপর ধারাবাহিকটিকে দুপুরে সম্প্রচারিত করা হলেও, সেখানেও টিআরপি রেটিং হতাশাজনক।
সূত্রের খবর, দুপুরে চলা দুটি মেগা ধারাবাহিকই বন্ধ করার চিন্তাভাবনা করছে জি বাংলা। ইতিমধ্যেই ‘অমর সঙ্গী’-র শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে এবং নীল-শ্যামৌপ্তির এই ধারাবাহিকটি কোনোমতে শেষ করা হচ্ছে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে ‘পুবের ময়না’।
খবর অনুযায়ী, সম্ভবত রোদ্দুর আর গুঞ্জার বিয়ে ভেঙে যাবে এবং রোদ্দুরের সঙ্গে ময়নার পুনরায় বিয়ের মাধ্যমে এই ধারাবাহিকটির ইতি টানা হবে।
আপাতত জি বাংলায় যে নতুন ধারাবাহিক আসার কথা, সেটি হল ‘ইচ্ছেধারী নাগকন্যা’। ইতিমধ্যেই একটি ভিএফএক্স প্রোমো সামনে এসেছে। প্রথমে মনে করা হয়েছিল এটি ডাবিং করা হবে, তবে এখন শোনা যাচ্ছে এটি বাংলাতেই রিমেক করা হবে এবং বাংলা টেলিভিশনের পরিচিত মুখরাই এতে অভিনয় করবেন। যদিও এই ধারাবাহিকের স্লট এবং অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও ঘোষণা করা হয়নি। টিআরপির এই কঠিন সমীকরণে ‘পুবের ময়না’ শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা, সেটাই এখন দেখার।