“অনেকে বলেন আমরা হিন্দুদের রক্ষা করি না…” -মহাবীর জয়ন্তীর মঞ্চ থেকে কেন বললেন মমতা?

মহাবীর জয়ন্তীর পবিত্র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাঁচুন আর বাঁচতে দিন’ মন্ত্রে ঐক্যের বার্তা দিলেন। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশ্ব নভকর মহামন্ত্র দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সর্ব ধর্ম সমন্বয়ের পাশাপাশি ওয়াকফ সম্পত্তি নিয়ে বড় ঘোষণা করেন। একইসঙ্গে, বিরোধীরা বারবার তাঁকে হিন্দুবিরোধী বলে দাগিয়ে দেন, এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
হিন্দু ধর্ম প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে বলেন বাংলায় আমরা হিন্দুদের রক্ষা করি না, এটা মিথ্যা। ইফতারে নিমন্ত্রণ জানালে কেন যাব না? দুর্গাপুজোয় গেলে ইফতারে কেন যাব না? বিভাজনে দেশ কখনও এগোয় না। আমি সব ধর্মের অনুষ্ঠানে সামিল হই। আমাদের সম্পত্তি কাউকে নিতে দেব না। যারা বাংলার মানহানি করেন, বাংলার ভাবমূর্তি নষ্ট করছেন, তাদের জিজ্ঞাসা করুন কোন অনুষ্ঠান আমরা আটকেছি? আমি সংখ্যালঘুদেরও সাধুবাদ জানাব যে তারা হিন্দুদের সমস্ত অনুষ্ঠানে যোগ দেন।”
এদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় এমন কিছু হবে না, এখানে বিভাজন রাজনীতি চলে না। বাংলায় একটাই নিয়ম চলে বাঁচুন আর বাঁচতে দিন। দিদি আপনাদের রক্ষা করবে আর আপনাদের সম্পত্তিও। অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার কারও নেই। বিভাজনে দেশ এগোয় না, একসঙ্গে দেশ এগোয়।”
সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনারা জেনে রাখুন, এটা আপনাদের ঘর। জীবন খুব ছোট। যতদিন বাঁচবেন এমন কিছু করুন যাতে ভালোবাসা, সাফল্য, গর্ব, প্রেম থাকে। এই প্রেমের সঙ্গে জৈন ধর্ম খুব ভালোভাবে জড়িয়ে আছে। আমি বলব, দেশকে ঐক্যে জুড়ে দিন।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ইফতারের অনুষ্ঠানে যোগদান নিয়ে জাতীয় রাজনীতিতে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে ফের একবার ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাবীর জয়ন্তীর মঞ্চ থেকে তার এই বার্তা রাজ্যের সম্প্রীতির ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।