Weather: সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, বৃষ্টি হবে বাংলার এই জেলাগুলিতে

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আগামী কয়েক দিন রাজ্যে গরম, ঝড়বৃষ্টি এবং আর্দ্রতা—এই তিনের সহাবস্থান দেখা যেতে পারে। কোথাও তীব্র দাবদাহ অনুভূত হবে, আবার কোথাও স্বস্তির বৃষ্টি নামলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি গরমের দিন থাকতে পারে। বিশেষ করে এপ্রিল মাসেই এর প্রভাব বেশি অনুভূত হবে। এই মাসে গরমের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, “দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক দিনের মধ্যে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।”

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে ঝড়বৃষ্টি সাময়িকভাবে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দিলেও, বাতাসে অত্যধিক আর্দ্রতার কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঘাম এবং অস্বস্তি বৃদ্ধি পাবে।

আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। একদিকে যখন তীব্র গরমে দক্ষিণবঙ্গ হাঁসফাঁস করবে, অন্যদিকে তখনই বিক্ষিপ্ত ঝড় ও বৃষ্টি হানা দেবে। এর ফলে ঠান্ডা-গরমের মিশ্র আবহাওয়াজনিত রোগ যেমন সর্দি, কাশি, জ্বরের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

সব মিলিয়ে এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া একটি মিশ্র চিত্র তৈরি করেছে। কখনও রাজ্য তীব্র গরমে পুড়বে, আবার কখনও আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে, সঙ্গে ঝড় ও বৃষ্টি। আবহাওয়াবিদরা সকলকে এই পরিস্থিতিতে সতর্ক থাকার এবং আবহাওয়ার নিয়মিত আপডেট জানার পরামর্শ দিয়েছেন।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রবিবার এবং সোমবার উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ায়ও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদা সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।