NPS থেকে UPS-এ স্যুইচ করা যাবে সহজেই, জেনে নিন পুরো প্রক্রিয়া ও শর্ত গুলি কী কী?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুরক্ষা আরও সুনিশ্চিত করতে দেশে চালু হল ইউনিফাইড পেনশন স্কিম (UPS)। এই নতুন পেনশন প্রকল্পের অধীনে, জাতীয় পেনশন প্রকল্পের (NPS)-এর গ্রাহকরাও অন্তর্ভুক্ত হতে পারবেন। অবসর গ্রহণের পর নিশ্চিত পেনশন, সরকারি যোগদান এবং বর্ধিত বিনিয়োগের সুবিধা প্রদানের লক্ষ্যেই এই UPS চালু করা হয়েছে। বর্তমানে, অফিসিয়াল সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সি (CRA) পোর্টালে NPS থেকে UPS-এ স্থানান্তরের প্রক্রিয়া উপলব্ধ করা হয়েছে।
জাতীয় পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফাইড পেনশন স্কিমে (UPS)-এ স্যুইচ করতে ইচ্ছুক যোগ্য কর্মীরা সহজেই অফিসিয়াল ওয়েবসাইট npscra.nsdl.co.in/ups.php-এ গিয়ে মাইগ্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এছাড়াও, কর্মীরা নির্দিষ্ট ফর্ম পূরণ করে সশরীরে জমা দেওয়ার মাধ্যমেও NPS থেকে UPS-এ স্থানান্তরিত হতে পারবেন।
UPS-এর প্রবর্তন:
কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রবর্তিত ইউনিফাইড পেনশন স্কিম (UPS), জাতীয় পেনশন সিস্টেমে (NPS)-এ নথিভুক্ত কর্মচারীদের অবসরকালীন সুবিধা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA) সম্প্রতি UPS বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ চূড়ান্ত করেছে। এই প্রকল্পটি মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিনটি গোষ্ঠীর জন্য প্রযোজ্য হবে এবং এটি ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। যারা NPS-এর বিকল্প বেছে নিয়েছিলেন, তারাও এই নতুন স্কিমের সুবিধা লাভ করতে পারবেন। এই সম্প্রসারণের ফলে প্রায় ২৩ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
কারা হবেন যোগ্য:
UPS-এর অধীনে, যেসব কর্মীরা ১০ থেকে ২৫ বছর ধরে চাকরি করেছেন, তারা তাদের চাকরির মেয়াদের অনুপাতে পেনশন পাবেন। এর ফলে দীর্ঘ কর্মজীবনের অধিকারী উচ্চ বেতনভোগী কর্মচারীরা বিশেষভাবে লাভবান হবেন। এছাড়াও, ন্যূনতম ১০ বছর চাকরি সম্পন্নকারী ব্যক্তিরাও প্রতি মাসে কমপক্ষে ১০,০০০ টাকা পেনশন পাওয়ার নিশ্চয়তা পাবেন।
এই স্কিমের অধীনে, কর্মচারীরা তাদের মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার ১০ শতাংশ পেনশন তহবিলে জমা দেবেন এবং সরকারও সেই পরিমাণ অর্থ যোগদান হিসেবে প্রদান করবে। অর্থাৎ, প্রতি মাসে মোট বেতনের ২০ শতাংশ বিনিয়োগ করা হবে। যদিও সরকারের ডিফল্ট স্কিম এই যোগদানগুলি পরিচালনা করবে, তবে কর্মচারীদের তাদের বিনিয়োগের জন্য ব্যক্তিগত পেনশন তহবিল ব্যবস্থাপক (Pension Fund Manager) বেছে নেওয়ার বিকল্পও থাকবে।
UPS পেনশনভোগীর স্ত্রী/স্বামীর আর্থিক সুরক্ষাও নিশ্চিত করে। পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে, তাঁর পত্নী পেনশনের পরিমাণের ৬০ শতাংশ পাবেন, যা অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের পরিবারের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
এখন থেকেই করা যাবে আবেদন:
১ এপ্রিল থেকে যোগ্য কর্মীরা CRA পোর্টালে লগইন করে সহজেই UPS প্রোগ্রামে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কর্মচারীদের তাদের মনোনয়ন এবং দাবির ফর্ম অনলাইনে জমা দেওয়ার সুযোগও থাকবে। নতুন পেনশন প্রকল্পের নিয়ম অনুযায়ী, অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের গড় মূল বেতনের ভিত্তিতে ৫০ শতাংশ পেনশন প্রদান করা হবে। তবে, এর জন্য কর্মচারীকে ন্যূনতম ২৫ বছর চাকরি সম্পন্ন করতে হবে। কোনও কর্মচারী কর্মরত অবস্থায় মারা গেলে, তার পরিবারের সদস্যরা পেনশনের ৬০ শতাংশ অর্থ পাবেন। উল্লেখযোগ্যভাবে, UPS প্রতি মাসে ন্যূনতম ১০,০০০ টাকা পেনশনের নিশ্চয়তা প্রদান করে, যদি কর্মচারী কমপক্ষে ১০ বছর চাকরি করে থাকেন।
অবসরকালীন অর্থ উত্তোলন:
অবসর গ্রহণের পর, কর্মচারীরা তাদের সঞ্চিত তহবিল থেকে নিয়মিত পেনশন পাবেন, যা অনেকটা মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP)-এর মতো কাজ করবে। যদি কর্মচারী বা তার সঙ্গীর মৃত্যুর আগে তাদের সঞ্চিত অর্থ শেষ হয়ে যায়, তবে সরকার অবশিষ্ট অর্থ প্রদান করবে। তবে, বর্তমানে ইউনিফাইড পেনশন স্কিম (UPS) শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই উপলব্ধ। রাজ্য সরকারগুলি তাদের কর্মীদের জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করবে কিনা, সেই বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে।