“৯ এপ্রিল পর্যন্ত হঠাত্‍ সব ছুটি বাতিল”-পুলিশকে নির্দেশ রাজ্যের, BJP বলছে, ‘ভয় পেয়েছে’

আজ, ২ এপ্রিল ২০২৫ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা)-এর জারি করা এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, এই সময়কালে কোনও পুলিশ কর্মীর ছুটি মঞ্জুর করা যাবে না। তবে, কোনোও চূড়ান্ত জরুরি পরিস্থিতিতে ছুটির আবেদন বিবেচনা করা হতে পারে।

রাজ্য পুলিশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের নেতারা এই পদক্ষেপকে সরকারের ‘ভয়’ হিসেবে উল্লেখ করে কটাক্ষ করেছেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে রাজ্য সরকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলির গুরুত্ব উপলব্ধি করতে পারছে এবং সেই কারণে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।

উল্লেখ্য, প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশাল ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়। বিগত বছরগুলিতে দেখা গেছে, এই মিছিলকে কেন্দ্র করে কিছু এলাকায় উত্তেজনা ও অশান্তির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সক্রিয় উপস্থিতি ও নজরদারি অপরিহার্য। মনে করা হচ্ছে, সেই কারণেই সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই পুরো পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে এবং ছুটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর এবং রামনবমী উদযাপনকালে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত। পুলিশ বাহিনীর এই সতর্কতা রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

পুলিশের ছুটি বাতিল নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “হিন্দুদের উৎসব হলেই দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে, তাদের দেখা দরকার পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃঙ্খল। হিন্দুরা নিজের মতো করে উৎসব পালন করে। এত লক্ষ লক্ষ দুর্গাপুজো হয়, দুর্ঘটনা হয় না তো। জোর করে টেনশন তৈরির চেষ্টা চলছে। এই বদভ্যাস তৃণমূল ও পুলিশকে ছাড়তে হবে। ছেড়ে দিন আমাদের হাতে। হিন্দুরা নিজের উৎসব নিজের মতো করে পালন করবে। যেখানে গন্ডগোলের ভয় আছে, সেখানে যান। কোনও পুলিশের দরকার নেই। আমরা দায়িত্ব নিচ্ছি।”

দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। একদিকে যেখানে রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতে পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে, তেমনই বিরোধী দল বিজেপির নেতারা এই সিদ্ধান্তকে ‘ভয়’ এবং ‘টেনশন তৈরির চেষ্টা’ বলে অভিহিত করছেন। এখন দেখার বিষয়, রামনবমীর দিন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকে এবং পুলিশের এই আগাম সতর্কতা কতটা ফলপ্রসূ হয়।