“জিতের বিয়েতে বড় কাণ্ড করেছিলেন দেব!”-অনেকদিন পর হঠাৎ ভাইরাল হলো সেই ভিডিও

টলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার দেব এবং জিৎকে নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। বক্স অফিসে তাদের ছবির লড়াই থাকলেও, ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। তারা একসঙ্গে ‘দুই পৃথিবী’ ছবিতে কাজ করেছেন এবং জিৎ একাধিকবার ইচ্ছা প্রকাশ করেছেন ভবিষ্যতে দেবের সঙ্গে আরও বড় কাজ করার। সম্প্রতি নেটমাধ্যমে এই দুই তারকার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দেব জিৎের বিয়েতে গান গাইছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে দেব তার সঙ্গে গলা মিলিয়ে গান গাইছেন। জিৎের জনপ্রিয় ছবি ‘জোশ’-এর গান ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ দেবের কণ্ঠে শুনে দারুণ আনন্দিত হন সকলেই। ভিডিওটি একটি পুরনো সংবাদমাধ্যমের খবরের অংশ থেকে নেওয়া হয়েছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জিৎকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবকে একসঙ্গে এক ফ্রেমে দেখার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন। জিৎ বলেন, “ক’দিন আগেই বুম্বাদা (প্রসেনজিৎ) বলছিল ‘চল একসঙ্গে তিনজন মিলে ছবি করি’। যদি কোনও এমন স্ক্রিপ্ট আসে, তাহলে আমি নিজে থাকতে উদ্যোগ নেব। একসঙ্গে কাজ করব। বুম্বাদা এ রকম ছবির প্রস্তাব দিয়েছেন। আমার তো কোনও সমস্যা নেই। তিন জনে একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভালই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।” প্রসেনজিৎ ও জিৎের হিন্দি ওয়েব সিরিজ ‘খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার’-এর সাফল্যের পর, তিন সুপারস্টারকে একসঙ্গে বাংলা সিনেমায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।
প্রসঙ্গত, জিৎ ২০০৯ সালের জুন মাসে মোহনা রাতলানির সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান নভন্যা এবং ২০১৩ সালের অক্টোবর মাসে দ্বিতীয় সন্তান রোনভের জন্ম হয়। জিৎ তার পরিবার, স্ত্রী ও সন্তানদের নিয়েই তার জগৎ তৈরি করেছেন এবং বিভিন্ন ফিল্মি পার্টি বা প্রিমিয়ারে তাদের সঙ্গেই দেখা যায়। দেব ও জিৎের এই পুরনো ভিডিওটি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করল এবং ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে।