কিন্নরকে মারধরের ভিডিও মোথাবাড়ির নয়, ভাইরাল ভিডিওটি আসলে বাংলাদেশের

পয়লা বৈশাখের আগে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল মালদা জেলার মোথাবাড়িতে। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভিডিওটিতে বাজারের মাঝে ব্যস্ত এলাকায় নারীর পোশাকে থাকা এক ব্যক্তিকে কয়েকজন উন্মত্ত লোক বেদম মারধর করছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে এটি মালদার মোথাবাড়ির ঘটনা এবং সেখানে “জি*হাদি মুসলিমের হাতে কিন্নর সম্প্রদায় আক্রান্ত” হয়েছে।

কেউ আবার একই ভিডিও পোস্ট করে লিখেছেন, “মোথা বাড়িতে জিহাদি দ্বারা হিজরা গোষ্ঠী আক্রান্ত। পশ্চিমবঙ্গ বাংলাদেশ যাওয়ার পথে…..।”

তবে সংবাদ মাধ্যম আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ভাইরাল ভিডিওটি মোথাবাড়ি, মালদার নয়। এমনকি এটি ভারত বা পশ্চিমবঙ্গেরও নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটি ঘটনা।

যেভাবে জানা গেল সত্যি:

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে একই ভিডিও বাংলাদেশের একটি প্যারোডি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেখা যায়। গত ২৯ মার্চ পোস্ট করা ওই ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “আইনের শাসন ব্যবস্থা ধ্বংস করে ছেড়ে দিয়েছে ইউনুস জণগণের উপর। তাইতো চলছে ইউনুসের দোসর দিয়ে মবের রাজনীতি। মবের মুল্লুকে আইনের শাসন ব্যবস্থা বাদ দিয়ে চলমান মব ব্যবস্থা।” এই পোস্ট থেকে প্রাথমিকভাবে ভিডিওটি বাংলাদেশের হওয়ার সম্ভাবনা দেখা যায়।

পরবর্তীতে এই সংক্রান্ত কিওয়ার্ড ব্যবহার করে আরও অনুসন্ধান করলে একই ভিডিও বরগুনা নিউজ নামের একটি ফেসবুক পেজেও পাওয়া যায়। ২৯ মার্চ পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ বাজারে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পি’টু’নি।” ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি জেলা ও সদর শহর।

আরও নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান চালালে বাংলাদেশি সংবাদ মাধ্যম আরটিভি নিউজের ইউটিউব চ্যানেলেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। “ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ বাজারে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পি’টু’নি” শিরোনামে ভিডিওটি সেখানেও ২৯ মার্চ আপলোড করা হয়েছে। এছাড়াও আইনিউজবিডি নামের একটি সংবাদ পোর্টালেও একই ভিডিও প্রকাশ করা হয়েছে।

এই সমস্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে সোশ্যাল মিডিয়ায় মালদার মোথাবাড়ির ঘটনা বলে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে, সেটি আসলে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার একটি ঘটনা। ঈদ বাজারে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা একদল হিজড়াকে মারধর করেছিল, সেই ভিডিওটিকেই ভুল তথ্যের সঙ্গে মোথাবাড়ির ঘটনা বলে প্রচার করা হচ্ছে।