কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, হুমকি মেইল আসতেই বের করা হলো সকল দর্শকদের

মঙ্গলবার সকালে কলকাতা জাদুঘরে বোমা রাখার হুমকি মেইল ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অজ্ঞাতপরিচয় আইডি থেকে পাঠানো একটি হুমকি মেইলে উল্লেখ করা হয় যে জাদুঘরের ভিতরে বোমা রাখা আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জাদুঘর চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার সময় জাদুঘরে ৫০৯ জন দর্শক উপস্থিত ছিলেন, যার মধ্যে ১০ জন ছিলেন বিদেশি নাগরিক। কর্তৃপক্ষের তরফে দ্রুত পদক্ষেপ নিয়ে সকল দর্শককে নিরাপদে জাদুঘরের বাইরে বের করে আনা হয়। প্রত্যেক দর্শনার্থীর পরিচয়পত্র এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়েছে।

তড়িঘড়ি খবর দেওয়া হয় লালবাজারের কন্ট্রোল রুমে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের বোম স্কোয়াড এবং প্রশিক্ষিত স্নিফার ডগ। বোম স্কোয়াডের সদস্যরা অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে জাদুঘরের প্রতিটি কোণায় তল্লাশি শুরু করেছেন। স্নিফার ডগও সম্ভাব্য বিস্ফোরকের সন্ধান চালাচ্ছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই হুমকি মেইল পাঠানো হয়েছে। তবে কোনও ঝুঁকি না নিয়ে পুলিশ ও বোম স্কোয়াড পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। মেইল প্রেরকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং সাইবার ক্রাইম বিভাগও এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

জাদুঘরের কর্মীরা জানিয়েছেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। হুমকির জেরে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বোম স্কোয়াডের তল্লাশি এখনও চলছে এবং জাদুঘর চত্বর আপাতত সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তল্লাশি শেষ হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।