ইদের খেলা ঘিরে TMC -র দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, চলল ইটবৃষ্টি, জখম ১০-১২ জন

বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ইদের দিনে খেলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ, দুই পক্ষ একে অপরের দিকে ব্যাপক ইটবৃষ্টি করে এবং বাঁশ দিয়ে ভাঙচুর চালায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন মারধরের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদের খেলাকে কেন্দ্র করে শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রৌশনারা বিবির অনুগামীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। রৌশনারা বিবি সিউড়ি ২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নুরুল ইসলামের অনুগামী বলে পরিচিত।

এক পক্ষের অভিযোগ, পঞ্চায়েত সদস্যা রৌশনারা বিবির লোকজন অতর্কিতে তাদের উপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্যা এলাকায় বিভিন্ন সরকারি কাজের জন্য টাকা নিচ্ছেন। এর প্রতিবাদ করায় বুথ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের অভিযোগ, সেই কারণেই পঞ্চায়েত সদস্যার লোকজন এসে অশান্তি সৃষ্টি করে এবং মারধর করে।

অন্যদিকে, পঞ্চায়েত সদস্যার অনুগামীদের পাল্টা দাবি, অপর পক্ষের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় অশান্তি পাকাচ্ছে। তাদের অভিযোগ, ওই পক্ষের লোকজনই প্রথম এসে মারধর ও ভাঙচুর শুরু করে।

নতুন করে যাতে এলাকায় উত্তেজনা না ছড়ায়, তার জন্য ঘটনাস্থলে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের সকলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় উভয় পক্ষের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।