SPORTS: আইপিএলে ধারাভাষ্য দিয়ে কত টাকা পান কমেন্টেটররা, জেনেনিন বিস্তারিত

বাইশ গজে ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াই যেমন দর্শকদের উত্তেজনা বাড়িয়ে তোলে, তেমনই ধারাভাষ্যকারদের আকর্ষণীয় বর্ণনা ম্যাচের প্রতি আরও আগ্রহ সৃষ্টি করে। ক্রিকেট ম্যাচের প্রতিটি মুহূর্তের খুঁটিনাটি বিবরণ দর্শকদের কাছে তুলে ধরেন ধারাভাষ্য বিশেষজ্ঞরা। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা অনেকেই এখন ধারাভাষ্যের পেশায় যুক্ত। তাদের কণ্ঠস্বর শোনার জন্য বহু দর্শক টেলিভিশনের সামনে চোখ রাখেন।

বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেও প্রতি বছর বসে তারকাদের মেলা। মাঠের লড়াইয়ে যেমন বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশ নেন, তেমনই ধারাভাষ্যকারের আসনেও দেখা যায় বহু কিংবদন্তীকে। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে শুরু করে রিকি পন্টিং, ম্যাথু হেইডেন-এর মতো তারকারা আইপিএলের ধারাভাষ্য দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে এই তারকা ধারাভাষ্যকাররা প্রতিটি ম্যাচের জন্য কত টাকা পারিশ্রমিক পান, তা নিয়ে অনেকেরই আগ্রহ থাকে।

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, যিনি ধারাভাষ্য জগতে বেশ জনপ্রিয়, সম্প্রতি এক পডকাস্টে ক্রিকেট সম্পর্কিত আলোচনায় এই বিষয়ে মুখ খুলেছেন। জুনিয়র ও সিনিয়র ধারাভাষ্যকারদের বেতন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আকাশ জানান, ধারাভাষ্যকারদের বেতন ম্যাচ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

আকাশ চোপড়া জানান, একজন জুনিয়র ধারাভাষ্যকার প্রতিদিন প্রায় ৩৫-৪০ হাজার ভারতীয় টাকা পারিশ্রমিক পান। অন্যদিকে, অভিজ্ঞ এবং খ্যাতনামা ধারাভাষ্যকাররা একদিন ধারাভাষ্য দেওয়ার জন্য প্রায় ৬-১০ লাখ ভারতীয় টাকা পর্যন্ত পান। আকাশ আরও জানান, সাধারণত একজন ধারাভাষ্যকার বছরে প্রায় ১০০ দিনের মতো ধারাভাষ্য দিয়ে থাকেন। সেই হিসেবে একজন ধারাভাষ্যকারের বার্ষিক আয় ৬-১০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার-এর মতো বহু তারকাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে। এছাড়াও ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, হরভজন সিং এবং সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া শিখর ধাওয়ান ও আম্বাতি রায়ডুকেও ধারাভাষ্য দিতে দেখা যাচ্ছে। অনেক সময় ধারাভাষ্যকারদের সঙ্গে সিরিজ অনুযায়ী চুক্তি করা হয়। জানা গেছে, ধারাভাষ্যকারদের বেতন তাদের অভিজ্ঞতা এবং কথা বলার দক্ষতার উপরও নির্ভর করে।

বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আইপিএলে ধারাভাষ্য দেওয়ার জন্য রবি শাস্ত্রী প্রায় ১ কোটি ৬৭ লাখ ভারতীয় টাকা পারিশ্রমিক পান। সুনীল গাভাস্কার আন্তর্জাতিক সিরিজের ধারাভাষ্যের জন্য প্রায় ৫৭ লাখ টাকা এবং আইপিএলের জন্য ২.৩৫ কোটি টাকা পান। সঞ্জয় মাঞ্জরেকার আইপিএল এবং আন্তর্জাতিক সিরিজ মিলিয়ে বছরে প্রায় ৬ কোটি টাকা আয় করেন, যার মধ্যে প্রতিটি আন্তর্জাতিক সিরিজে তার আয় প্রায় ৪২ লাখ টাকা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে তার ক্রিকেট বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য সুপরিচিত। প্রতিটি সিরিজে তিনি প্রায় ৩২ লাখ টাকা এবং বাৎসরিক ধারাভাষ্য থেকে প্রায় ৫.৫ কোটি টাকা আয় করেন বলে জানা যায়।

আকাশ চোপড়ার এই তথ্য থেকে আইপিএলের মতো বড় ক্রিকেট লিগে ধারাভাষ্যকারদের আকাশছোঁয়া রোজগার সম্পর্কে ধারণা পাওয়া যায়। ক্রিকেট যেমন খেলোয়াড়দের জন্য লাভজনক, তেমনই অভিজ্ঞ এবং জনপ্রিয় ধারাভাষ্যকারদের জন্যও উপার্জনের একটি বড় মাধ্যম।