ইউনূসের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ফের বিতর্ক শুরু! এই মন্তব্যের কড়া জবাবে যা বললেন অসমের মুখ্যমন্ত্রী?

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন যে, বাংলাদেশ ভারত মহাসাগরের “একমাত্র অভিভাবক”, কারণ ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য “স্থলবেষ্টিত”। এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “মহম্মদ ইউনূসের বক্তব্য আপত্তিকর এবং এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অধিকারকে অবমূল্যায়ন করে”।
ইউনূস তার চিন সফরের সময়ে বলেন, “ভারতের সাতটি রাজ্য, যাদের ‘সেভেন সিস্টার’ বলা হয়, তারা সমুদ্রের কোনো প্রবেশাধিকার পায় না। এই কারণে বাংলাদেশই এই অঞ্চলের একমাত্র সমুদ্রপথের অভিভাবক। এটি চীনকে একটি বিশাল বাণিজ্যিক সুযোগ দিতে পারে”। তিনি আরও বলেন, “বাংলাদেশে চীন অর্থনৈতিক কার্যক্রম স্থাপন করলে, চীন এখানে উৎপাদন ও বাজার স্থাপনের মাধ্যমে লাভবান হবে, এবং বাংলাদেশও এর সুবিধা পাবে”।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে বলেন, “এ ধরনের মন্তব্য ভারতের কৌশলগত ‘চিকেনস নেক’ করিডোরের দুর্বলতাকে তুলে ধরে, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।” তিনি আরো জানান, “এই পরিস্থিতিতে, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ আরও মজবুত করার জন্য শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি করা প্রয়োজন”।
কংগ্রেসও ইউনূসের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “বাংলাদেশের এই বক্তব্য চিনকে ভারতকে ঘিরে ফেলার আমন্ত্রণ জানাচ্ছে, যা উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জনক”। তিনি আরো বলেন, “ভারত যখন বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল, তখন আমরা কখনও ভাবিনি যে তারা একদিন ভারতের বিরুদ্ধে যাবে”।
বাংলাদেশ সরকারের উপদেষ্টার এই মন্তব্যটি ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এই বিতর্ক ভারতীয় নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও তীব্র হতে পারে।