হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির, নানুরে ইদে হিন্দুদের বসিয়ে খাওয়ালেন TMC সভাপতি

সোমবার খুশির ঈদ উপলক্ষ্যে রেড রোডে আয়োজিত নমাজ পাঠের অনুষ্ঠানে সম্প্রীতির এক উজ্জ্বল বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তিনি সকল ধর্মের মানুষের ঐক্য ও শান্তির কথা বলেন এবং কোনওরকম উস্কানিতে পা না দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান।
মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ অশান্তি চায়, দাঙ্গা চায়। প্ররোচনায় পা দেবেন না। এটা ওদের প্ল্যান। কেউ উস্কানি দিলে ছোঁবেন না। জানবেন দিদি রয়েছে। কাউকে ছুঁলে তার গুরুত্ব বেড়ে যায়।” একইসঙ্গে তিনি ধর্মের নামে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগে বিরোধীদের তীব্র সমালোচনা করেন। ভোটের জন্য ধর্ম নিয়ে ব্যবসা করা রাজনৈতিক দলগুলির ‘দোকান’ বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।
রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছুটা উদ্বিগ্ন দেখালেও, বীরভূমের চিত্র ছিল সম্প্রীতির এক অসাধারণ উদাহরণ। অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত এই জেলায় ঈদের দিন দুই সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে ঈদ উদযাপন করেন। বিশেষ করে নজর কাড়েন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
পবিত্র ঈদ উপলক্ষ্যে কাজল শেখ নিজের হাতে রান্না করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেন। সোমবার বীরভূমের নানুর ব্লকের পাপুড়ি গ্রামে রমজান মাস শেষে ঈদের নামাজ আদায় করেন কাজল শেখ। পাপুড়ি গ্রামের ঈদগাহ ময়দানে নামাজ পড়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর দাদা তথা কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনেয়াজ।
নামাজ শেষে জেলা সভাধিপতি কাজল শেখ প্রায় হাজারেরও বেশি হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য ভুরিভোজের ব্যবস্থা করেন। তিনি জানান, ২০১০ সাল থেকে প্রতি বছর ঈদ উপলক্ষে পাপুড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য এই খাবারের আয়োজন করে আসছেন। কাজল শেখের এই উদ্যোগ বীরভূমে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোমবার দেশজুড়ে পালিত হয়েছে খুশির ঈদ। দীর্ঘ একমাস রমজানের সংযমের পর এই দিনটি মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা এবং দিনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। তবে বীরভূমের পাপুড়িতে কাজল শেখের এই বিশেষ উদ্যোগ ধর্মীয় ভেদাভেদ ভুলে এক ভালোবাসার মেলবন্ধন তৈরি করেছে, যা নিঃসন্দেহে রাজ্যের সম্প্রীতির ঐতিহ্যকে আরও মজবুত করবে।