ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পরিচালক, মহাকুম্ভের মোনালিসাকে নিয়ে সিনেমা স্থগিত

মহাকুম্ভের ভাইরাল মুখ, কাজলটানা বাদামি চোখ ও শ্যামলা গায়ের রঙের মোনালিসা ভোঁসলে চলতি বছরের কুম্ভমেলায় অংশগ্রহণ করে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি লাভ করেন। তাঁর সাদামাটা সৌন্দর্য নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা ও প্রশংসা দেখা যায়।

অন্যদিকে, বিনোদন জগতে খুব পরিচিত না হলেও ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালনার মাধ্যমে চর্চায় এসেছিলেন পরিচালক সনোজ মিশ্র। এরপরই তিনি অগ্নিগর্ভ মণিপুর নিয়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামে একটি সিনেমা তৈরির ঘোষণা করেন। সেই সিনেমার কাস্টিংয়ে তিনি মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ভোঁসলেকে নেওয়ার কথা জানান। মোনালিসাকে নির্বাচন করার কারণ হিসেবে সনোজ মিশ্র মন্তব্য করেছিলেন, ‘বলিউডের আর পাঁচজন অভিনেত্রীর মতো এই মেয়েটি অর্ধনগ্ন হয়ে ছবি পোস্ট করে না। ভীষণই সাদামাটা, সংস্কৃতিমনস্ক মোনালিসা।’

সনোজ মিশ্রর এই মন্তব্য সেই সময় অনেকেই ভালোভাবে নেননি। তবে এবার সেই পরিচালকই গুরুতর অভিযোগের মুখে। ধর্ষণের অভিযোগে রবিবার সনোজ মিশ্রকে গ্রেফতার করেছে নবি করিম থানার পুলিশ।

এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি সম্পন্ন হয়েছে। ওই তরুণীর অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে সনোজের সঙ্গে তার পরিচয় হয়। ঝাঁসিতে পৌঁছানোর পর সনোজ নাকি তাকে হুমকি দেন, দেখা না করলে তিনি আত্মহত্যা করবেন। সেই ভয়ে তরুণী দেখা করতে বাধ্য হন। এরপর কাজ দেওয়ার নাম করে একটি রিসোর্টে নিয়ে গিয়ে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করেন পরিচালক।

তরুণী আরও অভিযোগ করেন যে, সনোজ মিশ্র তার আপত্তিকর ছবি ও ভিডিও তোলেন এবং মুখ খুললে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে গিয়ে নির্যাতিতার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সনোজ মিশ্র। অবশেষে ঝাঁসির ওই তরুণী এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে রবিবার ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির পরিচালককে গ্রেফতার করা হয়েছে।

মাস দুয়েক আগেই সনোজ মিশ্র ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার ঘোষণা করেছিলেন, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল মহাকুম্ভের ভাইরাল তারকা মোনালিসা ভোঁসলের। এর আগে সনোজ ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি পরিচালনা করেছিলেন। শোনা যায়, মোনালিসা ভোঁসলে সনোজ মিশ্রর হাত ধরেই কেরালার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই গ্রেফতারির ঘটনা ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার ভবিষ্যৎ এবং পরিচালক ও ভাইরাল তারকার সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, তা এখন দেখার বিষয়।