নির্ঝর মিত্রের ‘ডাইনি’ মুক্তি পেতেই বিতর্ক! ওয়েবসিরিজের মান নিয়ে বিস্ফোরক মন্তব্য সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের

মুক্তি পেয়েছে পরিচালক নির্ঝর মিত্রের ওয়েবসিরিজ ‘ডাইনি’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই এই সিরিজটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দর্শক মহলে প্রশংসাও কুড়িয়েছে রহস্যে মোড়া এই ওয়েবসিরিজটি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী।

তবে, সব কিছু যখন বেশ মসৃণভাবে চলছিল, ঠিক তখনই এই ওয়েবসিরিজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি, যেখানে ‘ডাইনি’র মান থেকে শুরু করে প্রধান অভিনেত্রীর লিপ ফিলার ব্যবহার নিয়েও একের পর এক অভিযোগের তীর ছুঁড়েছেন।

পরমা তাঁর পোস্টে লেখেন, “হইচই অ্যাপটা ফোন থেকে মুছে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের ওভারহাইপ প্রশংসা শুনে আমিও ৪৯৯ টাকার বোকা বলে গেলাম (হইচই সাবস্ক্রিপশনের মূল্য)।” তিনি আরও জানান যে, সিরিজটি এতটাই হতাশাজনক যে তিনি তিনটির বেশি এপিসোড দেখতে পারেননি।

সিরিজের নির্মাণশৈলী নিয়েও ক্ষোভ উগরে দেন পরমা। তিনি লেখেন, “ঝমঝম মিউজিক দিয় একটা সিনকে অযথা টেনে টেনে কী করে লম্বা করতে হয়, সেটা সিরিয়াল আমাদের বুঝিয়ে দিয়েছে। দু’একজন ভাল অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর সুযোগ খুবই কম।”

পরমার সমালোচনার হাত থেকে রেহাই পাননি অভিনেত্রী মিমি চক্রবর্তীও। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তাঁর ইঙ্গিত স্পষ্ট ছিল। পরমা লেখেন, “প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে সংলাপ বলতে গিয়ে ঠোঁটটাও খুলছে না ভাল করে। ইনি এক সময় ‘গানের ওপারে’র ধারাবাহিকে পুপে ছিলেন। আমরা এর সৌন্দর্যে মুগ্ধ হতাম, ভাবতেই কেমন লাগে। সিরিজটা যতটুকু দেখলাম, খুবই জঘন্য লাগল। যাত্রা টাইপ, সামাজিক পালা।”

শুধু তাই নয়, পরমা বন্দ্যোপাধ্যায় দর্শকদের কাছে অনুরোধ করেছেন যাতে কেউ এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন না নেন। তাঁর এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে।

পরমার এই পোস্টের পর থেকেই কমেন্ট বক্সে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সঙ্গীতশিল্পীর মন্তব্যের সঙ্গে অনেকেই সহমত পোষণ করেননি। দর্শকদের একটি বড় অংশের দাবি, ‘ডাইনি’ ওয়েবসিরিজে প্রত্যেক শিল্পীই তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং সিরিজটি যথেষ্ট উপভোগ্য।

এখন দেখার বিষয়, পরমা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্যের জল কতদূর গড়ায় এবং নির্মাতারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন কিনা। তবে, এই ঘটনা ‘ডাইনি’ ওয়েবসিরিজকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হওয়া আলোচনাকে আরও এক নতুন মাত্রা যোগ করেছে।