মাইনাস ৩০ ডিগ্রিতে ভোট কেন? গর্জে উঠে মোদী-রাহুলের হস্তক্ষেপ চাইলেন সোনম ওয়াংচুক

নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল লাদাখের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। বুধবার লেহ-র প্রতিবাদস্থল থেকে বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে সরিয়ে দিল লাদাখ পুলিশ। তাঁকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার পাশাপাশি আপাতত বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের পরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ওয়াংচুক।

কী বলছে লাদাখ পুলিশ?

পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সামনেই লাদাখে পঞ্চায়েত, পুরসভা এবং লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (LAHDC) নির্বাচন রয়েছে। লাদাখের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং লেহ-র জেলাশাসকের নির্দেশ অনুযায়ী, ভোটের আগে লেহ পুরসভার সীমানার মধ্যে যেকোনো ধরনের মিছিল, প্রতিবাদ কর্মসূচি এবং জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলার অবনতি এড়াতেই ওয়াংচুককে প্রতিবাদস্থল থেকে সরিয়ে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি। পাশাপাশি সাধারণ মানুষকেও নির্বাচনী বিধি ও নিষেধাজ্ঞা মেনে চলার আবেদন জানিয়েছে প্রশাসন।

ভিডিও বার্তায় বিস্ফোরক অভিযোগ ওয়াংচুকের

পুলিশি পদক্ষেপের পরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ ‘দেশবাসীর কাছে লাদাখের জরুরি আবেদন’ শীর্ষক একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সোনম ওয়াংচুক। সেখানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিডিও বার্তায় ওয়াংচুক অভিযোগ করেন, ২৪ সেপ্টেম্বরের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত অত্যন্ত ধীরগতিতে চলছে এবং এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাতে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এছাড়া লাদাখে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আলোচনাও ভেস্তে গিয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, প্রশাসন নিজেদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করার লক্ষ্যেই তড়িঘড়ি এই নির্বাচন করাতে চাইছে।

ভোটের সময় নিয়ে তীব্র আপত্তি ও আন্দোলনের হুঁশিয়ারি

আসন্ন নির্বাচনের সময়সূচি নিয়েও তীব্র আপত্তি তুলেছেন এই পরিবেশকর্মী। তিনি জানান, ডিসেম্বর এবং জানুয়ারি মাস লাদাখের সবচেয়ে শীতলতম সময়, যখন বহু এলাকার তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। এই কনকনে ঠান্ডায় শিক্ষা, ছুটি এবং তীর্থযাত্রার কারণে লাদাখের প্রায় অর্ধেক বাসিন্দা অন্যত্র চলে যান। তদুপরি নির্বাচনের সপ্তাহে ভারী তুষারপাতের পূর্বাভাসও রয়েছে। ফলে এই সময়ে ভোট হলে সাধারণ মানুষের অংশগ্রহণে বড়সড় সমস্যা তৈরি হবে।

ওয়াংচুক আরও জানান, প্রস্তাবিত কাউন্সিল ও নির্বাচনের পদ্ধতির বিরুদ্ধে ইতিমধ্যেই লেহ এবং কার্গিলের নেতারা ও সাংসদরা একজোট হয়েছেন। তাঁদের ন্যায্য দাবিগুলি বিবেচনা করা না হলে, আগামী দিনে মানুষ শান্তিপূর্ণ অথচ তীব্র গণআন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *