অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বিক্ষোভের জের, দলের অন্দরে সমালোচনার ঝড়, নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন নেতারা

বিদেশের কলেজে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভের মুখে পড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগের তীর উঠেছে বাম ছাত্র সংগঠনের দিকে। তবে, এই ঘটনায় দলের সব সদস্য সমানভাবে সরব না হওয়ায় দলের অভ্যন্তরেই সমালোচনা শুরু হয়েছে। দেবাংশু ভট্টাচার্যের পর এবার মুখ খুলতে শুরু করেছেন আরও কয়েকজন নেতা।

সোমবার তৃণমূল নেতা ও আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। কারও নাম না করে তিনি প্রশ্ন তোলেন, “নেত্রীর অপমানে কেন চুপ থাকেন? লড়াইয়ের সময়ে কেন ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বের করেন না কেন?”

দেবাংশুর এই পোস্ট সমর্থন করেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি দেবাংশুর মন্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি সরব হওয়া উচিত ছিল।

অন্যদিকে, সরাসরি তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই বিষয়ে দলের ছাত্র সংগঠন যে ভূমিকা নিতে পারত, তা পালন করেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দল হয়তো সেই ভাবনাটাকে বিশেষ গুরুত্ব দেয়নি। আমি দেখছি, আরজি কর-কাণ্ডের সময় থেকে ছাত্র ও যুবরা খুব একটা কিছু করছে না।” তিনি আরও দাবি করেন, যুব তৃণমূলে থাকাকালীন তিনি নিজে অনেক বেশি সক্রিয় ছিলেন। সাংসদ বলেন, “আমরা যখন যুব করেছি, অনেক রাজনৈতিক কর্মসূচি করতাম। মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না। অক্সফোর্ডে যা হয়েছে, সেই অসভ্যতার উত্তর দেওয়া উচিত ছিল।”

এই প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এটা কোনও দল নয়, একটা কোম্পানি। কর্মীদেরও বিবেক থাকে। বিবেক জাগ্রত হয়েছে। বিবেকবান কর্মীরা মুখ্যমন্ত্রীকে সমর্থন করতে পারছেন না।” বাম নেতা শতরূপ ঘোষের বক্তব্য, “ওরা কেউ মমতার সম্মানের জন্য তৃণমূল করে না। এখন ভোটের আগে দেবাংশুর বোধোদয় হয়েছে। টিকিট পাওয়ার জন্য এসব করছে।”

উল্লেখ্য, এর আগেও তৃণমূল ছাত্র পরিষদকে নিশানা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে একসময় সরাসরি প্রশ্ন তুলে কল্যাণ বলেছিলেন, ‘এমন ছাত্র সভাপতি থেকে লাভ কী?’ তাঁর সেই মন্তব্য ঘিরে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল। অক্সফোর্ডের ঘটনায় দলের নেতাদের এই প্রকাশ্য অসন্তোষ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।