‘সিকান্দার’ দিয়ে ভাইজানের ঈদ মিশন কেমন যাচ্ছে, জেনেনিন কি বলছে বক্সঅফিস?

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। ভাইজান অনুরাগীদের জন্য এই সিনেমাটি গতকাল, ৩০ মার্চ প্রেক্ষাগৃহে এসেছে। দীর্ঘ দুই বছর পর সালমানের কোনো সিনেমা ঈদে মুক্তি পাওয়ায় ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একটা সময় ছিল ঈদ মানেই সালমান খানের সিনেমা, তাই অনেকেই আশা করেছিলেন ‘সিকান্দার’ এবারে ঈদের বক্স অফিসে ভালো ফল করবে।
তবে ‘সিকান্দার’ মুক্তির পর দর্শক ও অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আশা-আশঙ্কার মধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস কালেকশনের রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের আয়ের নিরিখে ‘সিকান্দার’ সম্প্রতি মুক্তি পাওয়া ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাকেও টেক্কা দিতে পারেনি।
স্যাকনিকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভিকি কৌশলের ‘ছাবা’ প্রথম দিনে বক্স অফিসে ৩১ কোটি আয় করেছিল। সেখানে সালমান খানের ‘সিকান্দার’-এর প্রথম দিনের আয় ২৬ কোটি। শুধু তাই নয়, ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খানের অন্যান্য সিনেমার তুলনায়ও ‘সিকান্দার’-এর প্রথম দিনের আয় বেশ কম।
২০১৬ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান অভিনীত ‘সুলতান’-এর প্রথম দিনের আয় ছিল ৩৬.৫৪ কোটি। এরপর ২০২৩ সালের ঈদে মুক্তি পায় ‘টাইগার থ্রি’, যার প্রথম দিনের কালেকশন ছিল ৫৩.৩ কোটি। এই পরিসংখ্যানের বিচারেও ‘সিকান্দার’ অনেকটাই পিছিয়ে রয়েছে।
শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী বক্স অফিসের হিসেবেও ‘সিকান্দার’ আশানুরূপ সাফল্য পায়নি। শাহরুখ খানের ‘জওয়ান’ যেখানে প্রথম দিনে বিশ্বজুড়ে ১০৯ কোটি ব্যবসা করেছিল, সেখানে ‘সিকান্দার’-এর প্রথম দিনের আয় মাত্র ৫৪ কোটি। যা মালয়ালম সুপারস্টার মোহনলালের নতুন সিনেমা ‘লুসিফার ২: এমপুরান’-এর প্রথম দিনের আয়ের (৬৭ কোটি) থেকেও কম। এই হিসাব দেখেই চলচ্চিত্র বিশেষজ্ঞরা ‘সিকান্দার’-এর ভবিষ্যৎ সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের শেষ সিনেমা ‘কিসি কি ভাই কিসি কি জান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই অনুরাগীরা ‘সিকান্দার’-এর মাধ্যমে ভাইজানের হিট সিনেমার প্রত্যাশা করেছিলেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বক্স অফিসে কেমন ফল করে সালমান খানের এই নতুন সিনেমা।