SPORTS: “কেন ৯ নম্বরে নামলেন?”-ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন ধোনি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) হারের পর মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। সেই ম্যাচে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেললেও, দল পরাজিত হয়। এত নিচে ব্যাটিং করার কারণ অবশেষে ব্যাখ্যা করলেন স্বয়ং ধোনি।
ব্রডকাস্টার জিওহটস্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে ধোনি তাঁর ব্যাটিং পজিশন নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তাছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনও মাথায় ছিল। আমাদের দলে জাড্ডু (রবীন্দ্র জাদেজা) এবং শিবম দুবে দলে ঢোকার জোরালো দাবিদার ছিল। তাই আপনি নিশ্চিতভাবেই তাদের সুযোগ দিতে চাইবেন। আমি তো সেই অর্থে দলের অটোমেটিক চয়েস ছিলাম না, তাই তাদের জায়গা আটকাতে চাইনি।’
ধোনি আরও বলেন, ‘তারা (জাডেজা ও দুবে) তাদের কাজটা ভালোভাবে করছে। এমন নয় যে দলের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়ছে। যদি দলের প্রত্যেকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে সমস্যা কোথায়? তাছাড়া এটা আমার ওপর থেকেও কিছুটা চাপ কমায়।’
দলের বাকি খেলোয়াড়দের উপর আস্থা থাকার কারণেই তাদের সুযোগ দিয়েছিলেন ধোনি, এমনটাই তিনি জানান। তিনি বলেন, ‘আমার চিন্তাভাবনা এটাই ছিল। যদি আমাদের ব্যাটিং ভালো না করত, রান না আসত, তাহলে হয়তো ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা যেত। তবে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, যেখানে দলের সকলেরই ভালো হচ্ছে, তাহলে সেই সিদ্ধান্ত না নেওয়ার কোনো কারণ নেই।’
ধোনির এই ব্যাখ্যায় স্পষ্ট, দলের তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি নিজের শারীরিক সক্ষমতা বজায় রাখাও তাঁর এই ব্যাটিং অর্ডারের পেছনের অন্যতম কারণ ছিল। দলের জয়ে অবদান রাখতে পারলেই তিনি খুশি, ব্যাটিং পজিশন তাঁর কাছে মুখ্য নয়, এমন বার্তাই যেন দিলেন মিস্টার কুল।