“ধন্যবাদ! একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে”- হাতজোড় করে ফের পডকাস্টে ফিরলেন রণবীর

জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার বেশ কিছুদিন ধরেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শো-এ বাবা-মায়ের সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এই ঘটনায় সময় রায়নাও সমালোচিত হন। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং রণবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। আইনি জটিলতা কাটিয়ে রণবীর রেহাই পেলেও তাঁকে আদালতের বেশ কিছু নির্দেশ পালন করতে হয়েছে। তবে সেই বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে দু’মাস পর স্বমহিমায় ফিরলেন রণবীর। ফের শুরু করছেন তাঁর জনপ্রিয় পডকাস্ট। আর নতুন ইনিংস শুরুর আগে অনুরাগীদের কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়ে নিলেন তিনি।

রণবীর তাঁর ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে ‘দ্য রণবীর শো’ পডকাস্টের নতুন পর্ব শুরু করেছেন। টিমের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, পুনর্জন্ম।’ ছবিতে রণবীরকে হাসিখুশি দেখাচ্ছে এবং তিনি বড়দের আশীর্বাদ নিয়ে এই নতুন যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন।

এরপর রণবীর একটি আবেগপূর্ণ ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে হাতজোড় করে তাঁর অনুরাগীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ভিডিওতে তিনি তাঁর চ্যানেলের নতুন সূচনা এবং অতীতের কঠিন সময়ের কথা স্মরণ করেন। রণবীর বলেন, প্রথমত, আমার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে। সময়টা খুবই কঠিন ছিল… আমি প্রকাশ্যে হিংসাত্মক হুমকি পেয়েছি, অনলাইনে এত ঘৃণা দেখেছি, এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই কঠিন পরিস্থিতিতে আপনাদের ভালোবাসা অনেক সাহায্য করেছে।

দীর্ঘ বিরতির কারণ ব্যাখ্যা করে রণবীর বলেন, জীবনের কঠিন সময়ে আপনি অনুভব করেন যে চলার পথে শুধু সাফল্য নয়, ব্যর্থতার সামনেও পড়তে হয়। গত ১০ বছরে কোনও বিরতি ছাড়াই প্রত্যেক সপ্তাহে ২-৩টি ভিডিও পোস্ট করেছি। এই বিরতি অনিচ্ছাকৃত ছিল, যেখানে আমি থিতু হয়ে বাঁচতে শিখেছি। এত মানুষ আমায় ছেলে এবং ভাই বলে মনে করেন, তাঁদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। আগামী দিনে যে ধরনের কনটেন্টই তৈরি করি না কেন, সে বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হব, এই কথা দিচ্ছি। তিনি সেই সকল মানুষের কাছেও ক্ষমা চেয়েছেন যাঁদের তাঁর মন্তব্যে আঘাত লেগেছে এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলেও আশ্বাস দিয়েছেন।

রণবীর আরও বলেন, আমি বুঝতে পেরেছি আমার কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনারা সবাই আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য বলে মনে করেন, এটাই সবচেয়ে বড় দায়িত্ব। আমি পডকাস্ট করতে ভালোবাসি, কনটেন্ট তৈরি করতে ভালোবাসি। নিজের দেশের ইতিহাস, সংস্কৃতিকে জানার চেষ্টা করেছি। আমি আমার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি। এখন একটি নতুন গল্প লেখার চেষ্টা করছি। আশা করি সকলের সমর্থন পাব।

বিতর্কিত মন্তব্যের পর দীর্ঘ বিরতি এবং ক্ষমা চাওয়ার মাধ্যমে রণবীর ফের একবার তাঁর ইউটিউব যাত্রা শুরু করলেন। অনুরাগীরাও তাঁকে নতুন করে স্বাগত জানাচ্ছেন এবং তাঁর পডকাস্টের নতুন পর্বগুলির জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছেন।