নতুন ডাবল লাইন চালু হলো পুরুলিয়ায়, ছুটল বন্দে ভারত এক্সপ্রেস, খুশি বাসিন্দারা

ঝমঝমিয়ে ছুটে গেল বন্দে ভারত এক্সপ্রেস। পুরুলিয়া ও কোটশিলার মধ্যে নবনির্মিত ডবল লাইন যেন পেল নতুন গতি ও মাত্রা। কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) সবুজ সংকেত পাওয়ার পরই পুরোদমে শুরু হয়ে গেল ট্রেন চলাচল।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ–পূর্ব সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি বৃজেশ কুমার মিশ্র বিশেষ একটি পরিদর্শন ট্রেনে নবগঠিত ৩৬.২ কিলোমিটার দীর্ঘ এই ডাবল লাইনে স্পিড ট্রায়াল করেন। এই সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণ–পূর্ব রেলের আদ্রার ডিআরএম সুমিত নারুলা–সহ অন্যান্য রেল আধিকারিকরা। একটি ডব্লিউডিজি–৪ লোকোমোটিভ ব্যবহার করে এই স্পিড ট্রায়াল চালানো হয়। নতুন লাইনে সর্বোচ্চ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তোলা হয়।
ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই সিআরএসের পক্ষ থেকে নতুন এই লাইনে বাণিজ্যিক ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়। তবে আপাতত নতুন লাইনে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই নয়াদিল্লি–পুরী পুরুষোত্তম এক্সপ্রেসকে দিয়ে এই নতুন লাইনের উদ্বোধন করা হয়। রবিবার রাত থেকেই শুরু হয়েছে মালগাড়ির চলাচলও।
রবিবার সকালেই রাঁচি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও এই নতুন ডাবল লাইনে চালানো হয়। এই ডাবল লাইন চালু হওয়াকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন আদ্রার ডিআরএম সুমিত নারুলা। তিনি জানান, যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। পুরুলিয়া–কোটশিলা রেল শাখা রাঁচির সঙ্গে পূর্ব এবং উত্তর–পূর্ব ভারতের যোগাযোগের সবচেয়ে সংক্ষিপ্ত রেল সংযোগ স্থাপন করল।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, গত কুড়ি বছরে এই প্রথম একসঙ্গে এত দীর্ঘ রেললাইন স্থাপন করা হল। পুরুলিয়া থেকে কোটশিলা পর্যন্ত এই নতুন ডাবল লাইনে ৬৬টি ছোট সেতু (মাইনর ব্রিজ) রয়েছে। এছাড়াও রয়েছে সাতটি লিমিটেড হাইট সাবওয়ে। ডাবল লাইন চালু হওয়ার ফলে ক্রসিংয়ের জন্য ট্রেনগুলিকে আর অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন যাত্রীরা। ডুয়াল সিঙ্গল লাইন পদ্ধতিতে ট্রেন চলাচল করার জন্য এই লাইনে একই সময়ে আপ এবং ডাউন উভয় ট্রেনই চালানো সম্ভব হবে। এই নতুন রেলপথ চালু হওয়ায় যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে গতি আসবে বলে আশা করা হচ্ছে।