KKR-দলে ফিরছেন সুনীল নারিন? দেখেনিন MI-এর বিরুদ্ধে সম্ভাব্য দল কেমন?

আজ, সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই হাইভোল্টেজ ম্যাচে কেকেআর শিবিরে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল অভিযান শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে। তবে দ্বিতীয় ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় নাইটরা। এবার তাদের লক্ষ্য ওয়াংখেড়েতে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া।

রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কেকেআর শিবিরে বড় ধাক্কা লাগে তারকা অলরাউন্ডার সুনীল নারিনের অসুস্থতার কারণে। তবে মুম্বই ম্যাচের আগে নারিন সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন বলে খবর। ফলে তার একাদশে ফেরা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। নারিন দলে ফেরায় রাজস্থানের বিরুদ্ধে তার জায়গায় সুযোগ পাওয়া মইন আলিকে সম্ভবত প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে।

এছাড়াও কেকেআর তাদের পেস বিভাগ নিয়েও কিছুটা চিন্তিত। প্রথম দুটি ম্যাচে পেসার স্পেনসর জনসন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার আনরিখ নোকিয়াকে খেলানো হতে পারে। নোকিয়ার গতি এবং অভিজ্ঞতা ওয়াংখেড়ের পিচে কেকেআরের পেস আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে। তবে শেষ পর্যন্ত কেকেআর টিম ম্যানেজমেন্ট কোন সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ:

আরডি রিকেল্টন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, এসএ যাদব, তিলক ভার্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু, ডিএল চাহার, মুজিব উর রহমান।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আনরিখ নোকিয়া।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিসংখ্যান অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষেই কথা বলছে। তবে শেষ কয়েকবারের সাক্ষাতে কেকেআর মুম্বইয়ের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছে। কেকেআর তাদের জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া, অন্যদিকে মুম্বই তাদের ঘরের মাঠে মরশুমের প্রথম জয় তুলে নিতে ঝাঁপাবে। ফলে সোমবারের ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য।