“প্রতি বছর মমতাকে খিলাফত কমিটির মঞ্চে দেখা যায় কেন?”- মমতার উপস্থিতি নিয়ে প্রশ্ন BJP নেতার

প্রতি বছরের মতো এবারও রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু শুভেচ্ছা নয়, তিনি রাম-বামকে একসঙ্গে আক্রমণও শানালেন।
এই আবহে মমতার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, “প্রতি বছর মুখ্যমন্ত্রীকে কলকাতা খিলাফত কমিটির মঞ্চে দেখা যায়। কিন্তু এই সংগঠনের আসল উদ্দেশ্য কী?”
বিজেপি নেতা তরুণজ্যোতি ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, “কলকাতা খিলাফত কমিটি আসলে এক সময়ের খেলাফত আন্দোলনের অংশ, যা ভারতের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এটি ছিল ভারতীয় মুসলমানদের দ্বারা খলিফার শাসন রক্ষার চেষ্টা। এর ফলে ভারতে সাম্প্রদায়িক বিভাজন তীব্র হয় এবং ১৯২১ সালের মালাবার হিন্দু গণহত্যা সংঘটিত হয়।”
তিনি আরও লেখেন, “প্রশ্ন হল—মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার এই মঞ্চ ব্যবহার করেন? তিনি কি শুধুই রাজনৈতিক সমর্থন চাইছেন, নাকি দীর্ঘমেয়াদে একটি নির্দিষ্ট মতাদর্শ বাস্তবায়নের চেষ্টা করছেন?”
কলকাতা খিলাফত কমিটি, খেলাফত আন্দোলন ও মমতা বন্দ্যোপাধ্যায়
প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা খিলাফত কমিটির মঞ্চে দেখা যায়। কিন্তু এই সংগঠনের আসল উদ্দেশ্য কী? এটি ভারতের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত নয়, বরং খলিফার শাসন (ISLAMIC RULE) রক্ষার জন্য ভারতীয় মুসলমানদের আন্দোলন।… pic.twitter.com/eBczYvN4m1
— Tarunjyoti Tewari (@tjt4002) March 31, 2025
অন্যদিকে, আজ রেড রোডের মঞ্চ থেকে সংখ্যালঘুদের উদ্দেশে আশ্বাস দিলেন মমতা। তিনি বলেন, “আপনারা একা নন, আপনাদের সঙ্গে গোটা সরকার আছে। কেউ আপনাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি হিন্দু? আমি বলেছি—আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, আমি ভারতীয়। তোমাদের কী করার ক্ষমতা আছে?”
এছাড়া, বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, “এরা চায় ‘ডিভাইড অ্যান্ড রুল’ (ভাগ করে শাসন) নীতি ফেরাতে। কিন্তু আমি চাই না। আমি চাই সবাই মিলে একসঙ্গে চলতে। আমার জীবন দেশের জন্য উৎসর্গিত।”
মমতার বক্তব্যের পর বিজেপি নেতারা পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী ভোটব্যাংকের রাজনীতি করছেন। বিজেপির দাবি, “তিনি NRC-এর বিরোধিতা করছেন, মুসলিম ঐক্যের ডাক দিচ্ছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একপেশে অবস্থান নিচ্ছেন।”
এই পরিস্থিতিতে মমতার রেড রোডের বার্তা এবং বিজেপির পাল্টা প্রশ্ন ঘিরে রাজ্য রাজনীতি সরগরম।