অস্ট্রেলিয়ার ঠাসা সূচি ঘোষণা, নভেম্বরে শুরু অ্যাশেজ, অক্টোবরে ভারত সফর

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ২০২৫-২৬ মৌসুমের ঠাসা ক্রীড়াসূচি প্রকাশ করেছে। রবিবার প্রকাশিত এই সূচিতে পুরুষদের অ্যাশেজ সিরিজের সূচিও অন্তর্ভুক্ত রয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাঁচ ম্যাচের এই ঐতিহ্যপূর্ণ টেস্ট সিরিজ শুরু হবে আগামী নভেম্বরে।

সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে পারথের অপটাস স্টেডিয়ামে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, যা একটি দিন-রাতের ম্যাচ হবে। অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্টটি শুরু হবে ১৭ ডিসেম্বর এবং চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। বক্সিং ডে টেস্ট অর্থাৎ চতুর্থ ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ তথা পঞ্চম টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, যা শুরু হবে আগামী বছরের ৪ জানুয়ারি এবং এটি একটি গোলাপি বলের টেস্ট ম্যাচ।

অ্যাশেজ ছাড়াও অস্ট্রেলিয়ার এই মৌসুমের সূচিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ। বছরের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

অন্যদিকে, ভারতও চলতি বছর অস্ট্রেলিয়া সফরে যাবে। অক্টোবর মাসের ১৯ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে। এরপর দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ডকোস্ট ও ব্রিসবেনে এই টি-টোয়েন্টি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এই টি-টোয়েন্টি সিরিজটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে উভয় দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পুরুষদের এই ঠাসা সূচির পরেই অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে। আগামী ১৫, ১৯ ও ২১ ফেব্রুয়ারি সিডনি, মানুকা ওভাল ও অ্যাডিলেড ওভালে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। এরপর তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম ওয়ানডে খেলবে ২৪ ফেব্রুয়ারি ব্রিসবেনের অ্যালান বর্ডার মাঠে। ২৭ ফেব্রুয়ারি হোবার্টে দ্বিতীয় এবং ১ মার্চ মেলবোর্নে তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত ওয়াকায় একটিমাত্র টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি অনুযায়ী, আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।