৮০০ টাকা মাইনে বাকি, পরীক্ষায় বসতে না দেওয়ায় আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

স্কুলের মাইনে বাবদ ৮০০ টাকা বকেয়া থাকায় এক ছাত্রীকে বার্ষিক পরীক্ষায় বসতে না দেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের প্রতাপগড়ে। ১৭ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রী রিয়া প্রজাপতি অপমান ও অভিমানে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ। মৃতার পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

নবম শ্রেণিতে পাঠরত রিয়া শনিবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। তার মা পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন, “স্কুলের ম্যানেজার সন্তোষ কুমার যাদব, অফিসার দীপক সরোজ এবং অধ্যক্ষ রাজকুমার যাদব ও অন্যান্যরা আমার মেয়েকে সকলের সামনে অপমান করে এবং পরীক্ষায় বসতে বাধা দেয়। তাদের এই ধরনের আচরণে অপমানিত হয়ে আমার মেয়ে বাড়ি ফিরে এসে নিজের ঘরে চলে যায়। আমি তখন মাঠে কাজ করছিলাম। বাড়ি ফিরে এসে দেখি আমার মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে।” তিনি অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৭ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করেছে। এই ধারাটি কোনও শিশু বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সঙ্গে সম্পর্কিত।

স্থানীয় আইনজীবী এবং পঞ্চায়েত সদস্য মহম্মদ আরিফ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেয়েটিকে বিপদে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত। শিক্ষার নামে যদি ছাত্রীদের এভাবে অপমান করা হয়, তাহলে প্রশাসনকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা শিক্ষার ব্যবসায়ে যুক্ত, তাদের সতর্ক হওয়া উচিত যাতে শিশুরা একটি সুস্থ পরিবেশে ভালো শিক্ষা পায়।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্গেশ সিং জানিয়েছেন, তারা একটি মামলা রুজু করেছেন এবং ঘটনার তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।