নারিনের পরামর্শেই বদলেছে বোলিং, জানালেন চায়নাম্যান কুলদীপ

ভারতীয় ক্রিকেটে চায়নাম্যান বোলার হিসেবে পরিচিত কুলদীপ যাদবের স্পিনের ভেল্কি বরাবরই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের কারণ। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেরও অংশ ছিলেন। একসময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল মাতানো এই স্পিনার এবার নিজের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের রহস্য স্পিনার সুনীল নারিনের প্রভাব নিয়ে মুখ খুললেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে কুলদীপ অকপটে স্বীকার করেছেন যে, হরভজন সিং, অনিল কুম্বলে বা রবিচন্দ্রন অশ্বিনের থেকেও তার ক্যারিয়ারে বেশি কার্যকরী ভূমিকা নিয়েছেন সুনীল নারিন। শুধু নারিনই নন, বর্তমান সময়ে তার সতীর্থ জসপ্রীত বুমরাহের অবদানও অনস্বীকার্য বলে জানান তিনি।
পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ জানান, নারিনের পরামর্শ তার জীবনে এক বড় পরিবর্তন এনেছে। তিনি বলেন, “একটা সময় আমি মনে করতাম শুধু নিজের স্কিলের উপর নির্ভর করলেই হবে। কিন্তু এখন বুঝতে পারি সেটা কতটা ভুল ছিল।” চোট সারিয়ে ফেরার পর নারিনের দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শের কথা উল্লেখ করে কুলদীপ বলেন, “কেকেআরে থাকার সময় নারিন আমাকে পরামর্শ দিয়েছিলেন লেন্থেও জোর দিতে হবে। এর ফলে আমি আমার বোলিংয়ের লেন্থ নিয়ে অনেক বেশি কাজ করেছি এবং এর ইতিবাচক প্রভাব পড়েছে আমার বোলিংয়ের ক্ষেত্রে।”
শুধু লেন্থ নয়, একজন বোলার হিসেবে উইকেটের পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর মানসিক চাপ সৃষ্টি করার গুরুত্বও নারিনের কাছ থেকেই শিখেছেন কুলদীপ। তিনি বলেন, “নারিন সবসময় আমায় লেন্থ বোলিংয়ের গুরুত্বটা বোঝাতেন। আসলে নারিনের মতো বোলাররা সময়ের থেকে এগিয়ে থাকেন। একজন বোলার হিসাবে শুধু উইকেট নিলেই হবে না, একইসঙ্গে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের উপর প্রভাব বিস্তার করতেও হবে। জসপ্রীত বুমরাহ ও সুনীল নারিনের মতো বোলাররা এটাই করে থাকেন।”
আইপিএলের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে, এমন আলোচনা প্রসঙ্গে কুলদীপ যাদব মনে করেন বোলারদের জন্য এই টুর্নামেন্ট অত্যন্ত কঠিন। তিনি বলেন, “আইপিএল বোলারদের জন্য অত্যন্ত কঠিন একটি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে বিশ্বের অনেক সেরা ব্যাটসম্যান খেলেন। ফলে বোলারদের কাছে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে আপনি উইকেট পেতেই পারেন, কিন্তু প্রতি ওভারে ইকোনমি রেট ধরে রাখাটা খুব কঠিন।”
প্রসঙ্গত, চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ১ উইকেটে জয় পায় দিল্লি এবং সেই ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। নারিনের মূল্যবান পরামর্শ যে তার বোলিংকে আরও শাণিত করেছে, তা বলার অপেক্ষা রাখে না।