“আমরা সত্যিটা না জেনেই….?”-নেহার অপমানে যা বললেন স্বামী রোহনপ্রীত

মেলবোর্নে একটি কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কক্কর। কনসার্টে গান গাইতে উঠলে দর্শক সারি থেকে একের পর এক কটূক্তি ধেয়ে আসে তাঁর দিকে। এমনকি ‘গো ব্যাক’ (ফিরে যাও) স্লোগানও শুনতে হয় নেহা কক্করকে।

অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর কারণ অবশ্য মঞ্চ থেকেই ব্যাখ্যা করেছিলেন নেহা। তিনি জানান, কনসার্টের উদ্যোক্তারা নাকি তাঁর থাকার জন্য কোনও উপযুক্ত ব্যবস্থা করেননি। শেষ পর্যন্ত তাঁর স্বামী রোহনপ্রীত সিং সমস্ত ব্যবস্থা করে তবেই তাঁকে কনসার্ট ভেন্যুতে নিয়ে আসেন। বহু প্রতিকূলতা পেরিয়ে মঞ্চে উঠলেও দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয় নেহা কক্করকে।

এই ঘটনার পর নিজের স্ত্রীর অপমানে মুখ খুলেছেন রোহনপ্রীত সিং। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই ঘটনার নিন্দা করেছেন এবং নেহার পাশে দাঁড়িয়েছেন।

রোহনপ্রীত লিখেছেন, কোনও বিষয়ে আগাম ধারণা করে নেওয়ার আগে সেই বিষয়টি একবার বিবেচনা করে দেখা জরুরি। আমরা প্রায়শই সত্যিটা না জেনেই দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছে যাই।

তিনি আরও লেখেন, “পুরো ঘটনাটি না জেনে কারও বিচার করা উচিত নয়। সকলেরই এই বিষয়টি মনে রাখা উচিত। আমি নেহা এবং আমাদের পুরো ব্যান্ডকে কুর্নিশ জানাই, এত কিছুর পরেও ওরা মঞ্চে উঠে দর্শকদের জন্য গান গেয়েছে।”

রোহনপ্রীতের এই বার্তা থেকে স্পষ্ট, নেহা এবং তাঁর দল কতটা প্রতিকূলতার মধ্যে পড়েও দর্শকদের হতাশ করতে চাননি। স্বামীর এই সমর্থন নিঃসন্দেহে কঠিন পরিস্থিতিতে নেহা কক্করকে মানসিক শক্তি জোগাবে। তবে, কনসার্টের আয়োজকদের অব্যবস্থা এবং দর্শকদের এমন প্রতিক্রিয়া সঙ্গীতশিল্পী এবং তাঁদের দলের মনোবল ভেঙে দিতে পারে বলে মনে করছেন অনেকে।