‘জয় শ্রী রাম’ লিখে তোলপাড় ফেললেন জিৎ! ১৫ বছরের সবুজ জমানা শেষ হতেই কি ইঙ্গিত দিলেন সুপারস্টার?

৪ মে থেকে বঙ্গ রাজনীতির মানচিত্র বদলে গিয়েছে। গত ১৫ বছরের চেনা সবুজ রংকে সরিয়ে বাংলার আকাশে এখন গেরুয়া আবির। বিধানসভা নির্বাচনে পদ্মশিবিরের এই অভাবনীয় জয়ের পর আমজনতার পাশাপাশি টলিপাড়াতেও শুরু হয়েছে জোর চর্চা। আর এই আবহেই নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন টলিউডের ‘বস’ জিৎ।

এতকাল নিজেকে রাজনীতির অলিন্দ থেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছিলেন জিতেন্দ্র মদনানি ওরফে জিৎ। ব্যক্তিগত মতাদর্শ হোক বা দলীয় রং—কোনও কিছু নিয়েই তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু রাজ্যে বিজেপির এই ঐতিহাসিক জয়ের পর আর নিজেকে আটকে রাখতে পারলেন না সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

জিৎ লেখেন, “বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।” তবে জিতের বার্তার থেকেও নেটপাড়ায় বেশি শোরগোল ফেলেছে তাঁর দেওয়া ক্যাপশনটি। অভিনেতা স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘জয় শ্রী রাম’। অভিনেতার এই পোস্ট ঘিরে এখন সরগরম টলিপাড়া। অনেকের মতে, নিজের রাজনৈতিক ঝোঁক এতদিন আড়ালে রাখলেও, রাজ্যে পালাবদল হতেই জিৎ বুঝিয়ে দিলেন তিনি পরিবর্তনের পক্ষেই ছিলেন।

টলিউডের অন্দরমহলে কান পাতলে অনেক আগে থেকেই শোনা যেত যে, জিৎ মূলত বিজেপির আদর্শে বিশ্বাসী। যদিও জনসমক্ষে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বারবার এড়িয়ে গিয়েছেন এবং নিজেকে ‘রাজনীতিতে আনাড়ি’ বলে দাবি করেছেন। কিন্তু এবারের এই প্রকাশ্য অভিনন্দন বার্তা জল্পনা উসকে দিয়েছে—তবে কি এবার পর্দার ‘বস’ বাস্তব জীবনেও গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন?

উল্লেখ্য, রাজনৈতিক ডামাডোল এবং সেন্সর বোর্ডের জটিলতায় জিতের পরবর্তী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর মুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। স্টুডিও পাড়ার গুঞ্জন, রাজ্যে ক্ষমতার এই রদবদল জিতের আটকে থাকা ছবির ভাগ্য খুলে দিতে পারে। এখন দেখার, বাংলার এই নতুন রাজনৈতিক ইনিংসে টলিউডের এই সুপারস্টার নিজেকে সক্রিয় রাজনীতির ময়দানে নামান কি না।