ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘সিকান্দার’, অগ্রিম বুকিংয়ে সাড়া ফেলেছে ভাইজান!

বলিউড সুপারস্টার সালমান খান আসন্ন ঈদে তার অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পেতে চলেছে। ছবিটি আগামী ৩০ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তবে তার আগেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে। অগ্রিম বুকিংয়ের চিত্র দেখে মনে হচ্ছে, সালমানের জন্য ঈদে আরও একটি হিট সিনেমা হতে চলেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘সিকান্দার’ ইতোমধ্যেই ৯.৩০ কোটি টাকার অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এই সংখ্যা ১০ কোটির ঘরে পৌঁছে যাবে, এমনটাই ধারণা করা হচ্ছে। গত বুধবার থেকে সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং শুরু হয় এবং টিকিট বিক্রির পরিমাণ দেখে সিনেপ্রেমীরা চমকে গেছে।

‘সিকান্দার’ সিনেমার টু-ডি শো-এর বিক্রি এখন ৩.৯৫ কোটি ছাড়িয়েছে, এবং আইম্যাক্স স্ক্রিনিংয়ের অগ্রিম বুকিং প্রায় ৩.৯৮ কোটি। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, মহারাষ্ট্র এবং দিল্লিতে সিনেমাটির ব্যবসা অত্যন্ত ভালো হবে বলে অনুমান করা হচ্ছে।

টিকিটের দামও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। বিশেষ করে বড় শহরগুলোতে টিকিটের দাম অনেকটা বেশি, কোথাও ২ হাজার পর্যন্ত পৌঁছে গেছে, আবার কিছু জায়গায় ১৯০০ রুপি পর্যন্ত দাম রাখা হয়েছে। সিংগেল স্ক্রিনেও অনেক স্থানে দাম ৭০০ রুপি ঘেঁষে। তবে সবকিছুর পরেও সালমানের প্রতি ভক্তদের ভালোবাসায় কোনো কমতি দেখা যায়নি। ঈদের আবহে সালমানকে বড় পর্দায় দেখতে উৎসাহী অনুরাগীরা ব্যাপকভাবে টিকিট বুকিং করছেন, এবং সিনেমার প্রতি তাদের আগ্রহ বেড়েই চলেছে।

ঈদে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’, আর সালমানের এই অ্যাকশন থ্রিলার যে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হতে চলেছে, তা এখনই স্পষ্ট হয়ে উঠেছে।