আর্থিক প্রতারণার অভিযোগ, আইনি জটিলতায় পড়লেন অভিনেতা শ্রেয়াস তলপাড়ে

বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে আবারও আইনি জটিলতার মুখে পড়েছেন। চিটফান্ড প্রকল্পের মাধ্যমে গ্রামবাসীদের থেকে টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই মামলায় শ্রেয়স ছাড়াও আরও ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, এসব ব্যক্তি ‘দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামক একটি কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে গ্রামবাসীদেরকে মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দেখিয়ে টাকা আদায় করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা গ্রামবাসীদেরকে এই কোম্পানিতে বিনিয়োগ করতে রাজি করায় এবং তাদেরকে এই প্রলোভন দেয় যে, অল্প সময়ের মধ্যে তাদের বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু যখন থেকে এই প্রকল্পটি নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন থেকে কোম্পানির এজেন্টরা এলাকায় আর দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

এ ঘটনায় ভারতের উত্তর প্রদেশের মাহোবা জেলার শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এটি প্রথমবার নয়, যখন আর্থিক জালিয়াতির অভিযোগে শ্রেয়স তলপাড়ে নাম এসেছে। চলতি বছরের শুরুর দিকে, লখনৌতে বিনিয়োগকারীদের ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগে শ্রেয়স এবং অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তবে এই বিষয়ে এখনো শ্রেয়স তলপাড়ে বা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এখন দেখা যাচ্ছে, আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে শ্রেয়স তলপাড়ে এবং অন্যান্য অভিযুক্তদের অনেক সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে হতে পারে, কারণ এই ধরনের আর্থিক প্রতারণা সবার কাছেই গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।