“পুলিশের উপর ভরসা নেই, ওরাই আমার খুন করাবে”- বিস্ফোরক BJP নেতা অর্জুন সিং

জগদ্দল গুলি-বোমা-কাণ্ডে বিপাকে পড়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গতকাল, বৃহস্পতিবার ভোর চারটেয় তাঁকে থানায় হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল জগদ্দল থানা। ওই নোটিসে স্পষ্ট জানানো হয়েছিল, সকাল ১০টার মধ্যে তাঁকে থানায় উপস্থিত হতে হবে। তবে অর্জুন পাল্টা জানিয়ে দেন, এত তাড়াতাড়ি হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

এরপর বিকেলে পুলিশ বাহিনী তাঁর বাড়িতে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালায়। অভিযোগ, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তাঁর বিরুদ্ধে আঙুল তুলেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফের নতুন করে অর্জুন সিংকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর দু’টোর মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে অর্জুন জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন। তাঁর বক্তব্য, “পুলিশ যখনই ডাকবে, তখনই আমাকে যেতে হবে, এমন কোনও নিয়ম নেই। ওদের কোনও কাজ নেই, কিন্তু আমার তো রয়েছে! আমি আমার সময় মতো যাব। আপাতত দলের কাজে বাইরে রয়েছি।”

নিজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্জুন। তাঁর দাবি, “আমার সঙ্গে জেড ক্যাটাগরি নিরাপত্তারক্ষী থাকে। CISF-এর অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারি না। তা সত্ত্বেও পুলিশ বারবার আমাকে তলব করছে!”

এদিন নিজের নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ প্রকাশ করে অর্জুন বলেন, “আমি আগেই চিঠি দিয়ে জানিয়েছি, যতক্ষণ না উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ থানায় যাব না। পুলিশের উপর আমার কোনও ভরসা নেই, তারাই তো আমাকে খুন করাবে! এখানেই তো মণীশ শুক্লাকে খুন করা হয়েছিল।”

অর্জুনের দাবি, গতকাল পুলিশ বাড়িতে এসেছিল এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। সেক্ষেত্রে ফের থানায় ডাকার কী প্রয়োজন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।