১০০০ কোটি বকেয়া, গ্রামোন্নয়ন মন্ত্রকের পর এবার কাঠগড়ায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

গ্রামোন্নয়ন মন্ত্রকের পর এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকও বিতর্কের মুখে। অভিযোগ উঠেছে, National Education Policy (NEP) ও PM SHRI-র মতো কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে সম্মত না হওয়ায় পশ্চিমবঙ্গ-সহ তিনটি রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে।
শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্টে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হয়েছে। রাজ্যসভায় পেশ হওয়া রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় নীতি অনুসরণ না করায় রাজ্যগুলির বরাদ্দ বন্ধ করা ন্যায়সংগত নয়।
কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং-এর নেতৃত্বাধীন সংসদীয় প্যানেলের মতে, এই সিদ্ধান্ত সরাসরি সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্কুল পরিকাঠামো, শিক্ষকদের বেতন এবং সামগ্রিক উন্নয়নে বড়সড় প্রভাব ফেলছে।
রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিক্ষা খাতে কেন্দ্রীয় বকেয়ার পরিমাণ ১০০০ কোটি টাকা। কেরলের বকেয়া ৮৫৯.৬ কোটি টাকা। আর NEP-তে তিন ভাষার নীতি কার্যকর করতে না চাওয়ায় তামিলনাড়ুর বকেয়া ২১৫২ কোটি টাকা।
দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-এর মধ্যে কেবলমাত্র তিনটি রাজ্য কেন্দ্রীয় নীতির বিরোধিতা করেছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছে পশ্চিমবঙ্গ সরকার। ১০০ দিনের কাজের টাকার ইস্যুতে গ্রামোন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে আগেও সরব হয়েছে রাজ্য। চলতি সংসদ অধিবেশনেও সেই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।