শাহরুখ খানের কাছে পৌঁছনোর অধীর চেষ্টা, বেধড়ক মার খেতে হলো পুলিশের হাতে! ভাইরাল ভিডিও

প্রিয় তারকাকে সামনে দেখলেই যেন সব ভুলে যান ভক্তরা। আর আইপিএল মানেই শুধু দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা নন, গ্যালারিতে বলিউড তারকাদেরও দেখা মেলে। যেমন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলে শাহরুখ খান মাঠে উপস্থিত থাকার চেষ্টা করেন। আবার পাঞ্জাব কিংসের ম্যাচে প্রীতি জিন্টার দেখা মেলে গ্যালারিতে।

২২ মার্চ ইডেনে আইপিএলের (IPL) ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। আগেই বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা ফেন্সিং টপকে বিরাট কোহলির কাছে পৌঁছেছিলেন, তাঁকে প্রণামও করেছিলেন। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। এবার ভাইরাল আর এক ফ্যানের কাণ্ড, যিনি কিং খানের কাছে পৌঁছানোর মরিয়া চেষ্টা করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান যখন মাঠ পরিদর্শন করছিলেন, তখন এক ভক্ত নিরাপত্তার বেড়া টপকে মাঠে ঢোকার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গেই তাঁকে আটকে দেন। এরপর দুই সাদা-উর্দি পরা পুলিশ এসে সেই যুবককে আটক করে এবং বেধড়ক মারধর করে। মুহূর্তেই এই দৃশ্য দেখে চমকে যান আশপাশের দর্শকরা।

ঘটনাটি ঘটেছিল ২২ মার্চ, যখন ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলতে নামে।

এদিকে, প্রথম ম্যাচে হার দিয়ে আইপিএল শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। বুধবার রাতে বর্ষাপাড়ায় রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের নায়ক ছিলেন কুইন্টন ডি’কক, যিনি ৬১ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন।