মিরিকে ভয়াবহ পথ দুর্ঘটনা, খাদে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, মৃত্যু ১, আহত বহু

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম তারকে লামা, যিনি দার্জিলিংয়ের সীমানার বাসিন্দা। আহতদের মধ্যে গণপত প্রসাদ, ইসলামুদ্দিন আনসারি, নানকা আলম, ফুরবা ডুকপা, নাজিম আলম, রাজু ছেত্রী-সহ আরও অনেকে রয়েছেন। আহতদের বেশিরভাগই সুখিয়াপোখরির বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সুখিয়াপোখরি থেকে শিলিগুড়ির দিকে আসছিল। গয়াবাড়ির কাছে পৌঁছাতেই আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারকে লামার মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। মিরিক থানার পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মিরিকের হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, “গয়াবাড়িতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে, তবে আহতরা বিপদের বাইরে রয়েছেন। গাড়িটিও উদ্ধার করা হয়েছে, এবং মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে।”