হাসপাতালে সাপের আতঙ্ক, রোগী থেকে কর্মী সবাই ছুটছেন বেরিয়ে

মালদার বুলবুলচণ্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে শনিবার তুমুল হইহই পড়ে গেল। হাসপাতালের ভিতরে হঠাৎ দেখা মেলে একটি বিশালাকার সাপের। সাপটিকে দেখে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন রোগী, তাদের পরিজন এবং হাসপাতাল কর্মীরা। চারপাশে শুধু একটাই আতঙ্কিত চিৎকার— ‘সাপ…সাপ!’

জানা গিয়েছে, সাপটি প্রথমে হাসপাতালের এক্সরে বিভাগের বারান্দায় দেখা যায়। এরপর সাপটি জরুরি বিভাগের দিকে চলে গেলে আতঙ্ক আরও বেড়ে যায়। সাপের উপস্থিতিতে হাসপাতাল চত্বরে তোলপাড় শুরু হয়। রোগীরা, তাদের পরিবার এবং স্বাস্থ্যকর্মীরা সবাই আতঙ্কে ছুটতে থাকেন। অনেকেই হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “সাপটি বেশ বড় ছিল। আমরা সবাই ভয়ে পালাতে শুরু করি। হাসপাতালের ভিতরে এমন ঘটনা সত্যিই আতঙ্কের।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, হাসপাতালের মতো জায়গায় কীভাবে সাপ ঢুকল? হাসপাতাল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণে অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখ্য, গতকাল শুক্রবার মালদহের ইংরেজবাজার পুরসভার রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়েও একটি সাপ ঢুকে পড়ে। সাপের দাপটে স্কুলমুখী পড়ুয়ারা ভয় পায়। এ ঘটনায় অভিভাবকরাও চিন্তিত হয়ে পড়েন। স্কুলের বেহাল অবস্থাও চোখে পড়ে। দেওয়ালে ফাটল, ঘর অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশে পড়াশোনা চালানো কঠিন হয়ে পড়ে ছাত্রছাত্রীদের।

হাসপাতালে সাপের ঘটনায় স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, সাপটিকে ধরে হাসপাতাল চত্বর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ থেকেই যাচ্ছে।