শতকোটিতে এমন গোল ডিম একটিই পাওয়া যায়, নিলামে যার দাম উঠলো ৬০০০০ টাকা

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ডিমের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা চললেও, একটি ডিমের দাম ৪২০ পাউন্ড (প্রায় ৫৫০ মার্কিন ডলার বা ৬০ হাজার টাকা) হবে—এমনটা কেউ কল্পনাও করেনি। তবে এই ডিম কোনো সাধারণ ডিম নয়, বিরল গোলাকৃতির একটি ডিম, যা গত মঙ্গলবার যুক্তরাজ্যে নিলামে এই বিস্ময়কর দামে বিক্রি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গোলাকৃতির ডিম অত্যন্ত বিরল। প্রতি ১০০ কোটি ডিমের মধ্যে মাত্র একটি এমন আকৃতির হয়। এই বিরলতার কারণেই যুক্তরাজ্যের ফেনটন ফার্মে পাওয়া এই ডিমটি নিলামে তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। গত জানুয়ারিতে ফার্মে ডিম বাছাইয়ের সময় এটি খুঁজে পান অ্যালিসন গ্রিন। তিন বছরের পেশাগত জীবনে সপ্তাহে গড়ে ৩০ হাজার ডিম হাতে নেওয়া গ্রিনের কাছে এই গোল ডিম ছিল একেবারে নতুন অভিজ্ঞতা।
নিলামের গল্প
ফেনটন ফার্মে পাওয়া এই ডিমটি নষ্ট না হয়, তাই নিলামের আগ পর্যন্ত লবণের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল। গ্রিন আশা করেছিলেন, ডিমটির দাম ১০ পাউন্ডের বেশি হতে পারে। এমনকি দাম কম হলে তিনি নিজেই এটি কিনে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু নিলামে ডিমটির জন্য বিডিং শুরু হতেই তাঁর সব প্রত্যাশা ছাড়িয়ে যায়। অবশেষে এটি ৪২০ পাউন্ডে বিক্রি হয়। গ্রিন বলেন, “বিডিং দেখে মনে হচ্ছিল, আমার সন্তানের খেলা দেখছি। এত দামে বিক্রি হবে ভাবিনি, সবাইকে ধন্যবাদ।”
দাতব্য উদ্দেশ্য
নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ডেভন রেপ ক্রাইসিস অর্গানাইজেশনে দান করা হবে। এই সংস্থা যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করে। গ্রিনের এই উদ্যোগ সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।
বিরলতার ইতিহাস
গোলাকৃতির ডিমের এটিই প্রথম ঘটনা নয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় এক নারী দোকান থেকে কেনা ডিমের মধ্যে এমন একটি ডিম পান। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডে একটি পরিবারের পোষা মুরগি একটি গোল ডিম পেড়েছিল। তবে ফেনটন ফার্মের এই ডিম নিলামে রেকর্ড দামে বিক্রির কারণে আলোচনায় এসেছে।
এই ঘটনা ডিমের বাজারে দাম বৃদ্ধির আলোচনার মাঝে একটি ব্যতিক্রমী গল্প হয়ে উঠেছে। যেখানে সাধারণ ডিমের দাম নিয়ে হাহাকার, সেখানে এই বিরল ডিমের দাম ও উদ্দেশ্য সবাইকে ভাবিয়ে তুলেছে।