জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই নাবালকের, দুর্ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী, সূত্রের খবর দত্তপুকুর ধারে খেলছিল দুই খুদে

দত্তপুকুরের গঙ্গাপুর বৈশালী এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই নাবালকের। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, ৮ বছরের মেয়ে তিথি ঋষি দাস ও সাড়ে ৬ বছরের ছেলে সূর্য ঋষি দাস বাড়িতে টিভি দেখছিল। পরিবারের অন্যান্য সদস্যরা তখন ঘুমাচ্ছিলেন। সেই সময়ই সুযোগ পেয়ে ভাই-বোন বাড়ির সদর দরজা খুলে বাইরে খেলতে চলে যায়। পরিবারের কেউ তাদের গায়ে টের পায়নি। দুই খুদে পুকুরধারে খেলতে গিয়ে আচমকাই পুকুরে পড়ে যায়। প্রথমে তিথি পুকুরে পড়ে, তাকে বাঁচাতে গিয়ে সূর্যও পুকুরে পড়ে যায়। ফলে দুজনেই জলে ডুবে প্রাণ হারায়।
এদিকে, বাড়িতে ছেলে-মেয়েকে না পেয়ে মা-বাবা তাদের খোঁজ শুরু করেন। আশপাশের আত্মীয়-প্রতিবেশীদের বাড়ি খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। শেষপর্যন্ত দত্তপুকুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়, এবং পুলিশ তদন্ত শুরু করে।
দুর্ঘটনার কিছু সময় পর পুকুরে ভেসে ওঠে তিথি ও সূর্যের মৃতদেহ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এ দুর্ঘটনা এলাকার সকলকে স্তম্ভিত করে দিয়েছে। শোকের আবহে পরিবারের সদস্যরা গভীর শোকের মধ্যে রয়েছেন।