১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে UPI পরিষেবা, হবে না কোনও আর্থিক লেনদেন! করা পড়বেন সমস্যায়?

আপনার ইউপিআই (UPI) পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে ১ এপ্রিল থেকে! ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) নির্দেশ দিয়েছে, নিষ্ক্রিয় বা রি-অ্যাসাইনড নম্বরগুলিকে ইউপিআই সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হবে। ফলে যদি আপনার ইউপিআই-তে নিবন্ধিত নম্বর নিষ্ক্রিয় থাকে, তবে আপনি আর্থিক লেনদেন করতে পারবেন না।
কেন এই সিদ্ধান্ত?
প্রতারকদের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছে NPCI। পুরনো বা নিষ্ক্রিয় নম্বরের মাধ্যমে প্রতারকেরা ইউপিআই অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যেতে পারে এবং অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। তাই ব্যাঙ্ক ও পেমেন্ট অ্যাপগুলিকে (PhonePe, Google Pay, Paytm ইত্যাদি) নিষ্ক্রিয় নম্বর ইউপিআই সিস্টেম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কী করতে হবে গ্রাহকদের?
✔ আপনার মোবাইল নম্বর আপডেট করুন: যদি আপনি ফোন নম্বর বদলে থাকেন, তবে অবিলম্বে ব্যাঙ্কে তা আপডেট করুন।
✔ নম্বর সক্রিয় রাখুন: দীর্ঘদিন ধরে যদি নম্বরটি ব্যবহার না করেন, তবে সেটি চালু রাখুন বা নতুন নম্বর আপডেট করুন।
✔ ব্যাঙ্কের নোটিফিকেশন দেখুন: ইউপিআই পরিষেবা বন্ধ হওয়ার আগে আপনাকে সতর্কবার্তা পাঠানো হবে।
কারা এই পরিবর্তনের ফলে প্রভাবিত হতে পারেন?
যারা ফোন নম্বর বদলেছেন, কিন্তু ব্যাঙ্কে সেটি আপডেট করেননি।
যাদের নম্বর দীর্ঘদিন নিষ্ক্রিয়, ফোন বা মেসেজ করা হয়নি।
যারা পুরনো নম্বর স্যারেন্ডার করেছেন, কিন্তু ব্যাঙ্কে জানাননি।
যাদের পুরনো নম্বর অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে।
কীভাবে পরিষেবা চালু রাখবেন?
যদি আপনার ইউপিআই পরিষেবা সচল রাখতে চান, তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপডেটেড মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কি না, তা দ্রুত যাচাই করুন!