“শুধু হিন্দুদের নয়, আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের পাশেও আছি”- বললেন অগ্নিমিত্রা পাল

বিজেপি শুধুই হিন্দুদের দল নয়, রাষ্ট্রবাদী মুসলিমদের পাশেও আছে!—এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ধর্মীয় রাজনীতির অভিযোগ বরাবরই ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল, কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলগুলো প্রায়শই এই অভিযোগ করে এসেছে। একসময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমি হিন্দুদের বিধায়ক,” যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। তবে এবার অগ্নিমিত্রা পাল বুঝিয়ে দিলেন, বিজেপির অবস্থান শুধুমাত্র হিন্দুদের পক্ষে নয়, বরং “রাষ্ট্রবাদী মুসলিমদের” সঙ্গেও রয়েছে দলটি।
বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মাত্র ১০০ মিটারের ব্যবধানে বিজেপি ও তৃণমূলের দুটি মিছিল চলতে থাকায়, একদিকে “জয় শ্রীরাম,” অন্যদিকে “জয় বাংলা” স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই সময় শুভেন্দুর পাশে ছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি বলেন—“আমাদের কালো পতাকা দেখানো হচ্ছে, কারণ আমরা সনাতনী হিন্দুর পক্ষে। তবে আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের পাশেও আছি। অন্যায় হলে, তার বিরুদ্ধে আওয়াজ তুলব। কিন্তু কেউ যদি ভাবে, কালো পতাকা দেখিয়ে আমাদের সরিয়ে দেবে, তবে ভুল করবে। এটা বিজেপি, এত সহজে দমানো যাবে না।”
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিধানসভা অধিবেশনে তাকে কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। সেই ক্ষোভ থেকেই তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে পৌঁছন। আর সেখানেই শুরু হয় গোলমাল। বিজেপি ও তৃণমূলের মিছিল পরস্পরের সামনে এসে গেলে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা চরমে ওঠে।
➡️ বিজেপি নেত্রীর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে এখন তুমুল আলোচনা চলছে।