আর ১৯ নয়, ২১ কোচ নিয়ে এবার ছুটবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যুক্ত করা হল আরও দুটি কোচ

গরমের দাপট বাড়তেই উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলিতে ভিড় লাফিয়ে বাড়ছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনগুলিতেও চাপ ক্রমশ বাড়ছে। বিশেষত উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে যাত্রীদের ভিড় তুলনামূলক অনেক বেশি হচ্ছে।
এই পরিস্থিতি মাথায় রেখে রেল কর্তৃপক্ষ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে (Kanchan Kanya Express) অতিরিক্ত দুটি কোচ সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরবঙ্গগামী ট্রেনগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন। সারা বছরই এই ট্রেনে যাত্রীদের ভিড় লেগে থাকে। সেই কারণেই আজ, ২০ মার্চ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যুক্ত হচ্ছে আরও দুটি অতিরিক্ত কোচ, যা যাত্রীদের জন্য বিশেষ সুবিধাজনক হতে চলেছে।
নতুন সংযুক্তির ফলে এখন ২১টি কোচ নিয়ে চলবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেন নম্বর ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে একটি ২এসি ও একটি ৩এসি ইকনমি কোচ যুক্ত করা হচ্ছে। এতদিন ট্রেনটি ১৯ কোচ নিয়ে চলত, এবার সেটি আরও বড় হয়ে কলকাতা থেকে আলিপুরদুয়ারের পথে ছুটবে। এর ফলে যাত্রী ধারণক্ষমতা বাড়বে এবং টিকিট পাওয়া তুলনামূলকভাবে সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, উত্তরবঙ্গের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং কলকাতা-উত্তরবঙ্গ যোগাযোগ আরও মজবুত করতে একাধিক পদক্ষেপ করছে রেল কর্তৃপক্ষ। পর্যটকদের পাশাপাশি বহু মানুষ কাজের সূত্রেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে নিয়মিত যাতায়াত করেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযুক্ত করার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় পূর্ব রেলের কাছে যাত্রীদের সমস্যার কথা তুলে ধরেন এবং কোচ বৃদ্ধির অনুরোধ জানান।
যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই রেল কর্তৃপক্ষ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়, যা উত্তরবঙ্গের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।