স্পিকারের বিরুদ্ধে ‘নালিশ’ জানাতেই প্রতিবাদ মিছিল শুভেন্দুর, পাল্টা কর্মসূচি TMC-র!

বিধানসভায় বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগে এবার স্পিকারের নিজের কেন্দ্রেই প্রতিবাদ সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “বিকেল ৩টেয় বারুইপুরে বিজেপির সব বিধায়করা যাবেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ভোটারদের জানাব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরব, কীভাবে ‘অপরাজিতা বিল’ নিয়ে আমাকে বাধা দেওয়া হয়েছে।”

বারুইপুর পশ্চিমের রাসমাঠ থেকে পুলিশ সুপারের দফতর পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে বিজেপি। মিছিল শেষে জনসভা করবেন শুভেন্দু অধিকারী।বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় বিজেপি বিধায়কদের কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলবেন তিনি।

শুভেন্দুর কর্মসূচির জবাবে তৃণমূলও বারুইপুরে দুটি পথসভার আয়োজন করেছে।তৃণমূলের মহিলা শাখার নেতৃত্বে হবে সভা।শুভেন্দুর মিছিল যেসব জায়গার পাশ দিয়ে যাবে, সেখানেই সভা হবে।ণমূল কর্মীরা রাস্তায় গঙ্গাজল ঢেলে ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি পালন করবেন।

বারুইপুর পৌরসভার উপ-পৌরপ্রধান গৌতম দাস বলেন, “বিজেপির এখানে কোনও অস্তিত্ব নেই। যদি দরকার হয়, আমরা স্টেজ-মাইকও লাগিয়ে দেব, তবে ওদের লোক আনতে হবে নন্দীগ্রাম থেকে।”

উত্তেজনার আশঙ্কায় প্রশাসন বজ্র সতর্কতা অবলম্বন করেছে। বারুইপুরের মূল রাস্তাগুলিতে কড়া পুলিশি নজরদারি থাকবে যাতে অশান্তি না ছড়ায়।

শুভেন্দুর কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মিছিল করা গণতান্ত্রিক অধিকার। তবে বারুইপুরের মানুষের প্রতিক্রিয়া কী হবে, সেটা আমি বলতে পারব না।”