‘পৃথিবী তোমাদের মিস করছিল’, ৯মাস পর ফিরতেই সুনিতাদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ফ্লোরিডার মাটিতে অবতরণ করতেই তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “ওয়েলকাম ব্যাক, ক্রু-৯! পৃথিবী তোমাদের মিস করছিল।”

আজ, বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডায় সফলভাবে অবতরণ করে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট। ৯ মাস মহাকাশে থাকার পর অবশেষে মাটিতে পা রাখেন সুনীতা ও বুচ।

প্রধানমন্ত্রী মোদী তাঁদের সাহস ও অধ্যাবসায়ের প্রশংসা করে লেখেন— “সুনীতা উইলিয়ামস ও ক্রু-৯ মহাকাশচারীরা দেখিয়ে দিলেন প্রকৃত অধ্যাবসায় কী! অজানার সামনে দাঁড়িয়েও যে সংকল্প তারা দেখিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।মহাকাশ গবেষণা মানেই সম্ভাবনার সীমা পার করা, স্বপ্ন দেখার সাহস দেখানো এবং তা বাস্তবে রূপ দেওয়া। সুনীতা উইলিয়ামস তাঁর অসামান্য কেরিয়ার দিয়ে বিশ্বকে এক অনন্য দৃষ্টান্ত উপহার দিয়েছেন।”

২০২৪ সালের ৫ জুন নাসার বোয়িং ক্রু ফ্লাইটে চেপে মহাকাশে রওনা দেন সুনীতা ও বুচ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে মাত্র ৮ দিনের মিশনের পরিকল্পনা ছিল। কিন্তু বোয়িং স্টারলাইনারের হিলিয়াম লিক ও কন্ট্রোল থ্রাস্টারে সমস্যা দেখা দেওয়ায় তাঁদের পৃথিবীতে ফেরানো সম্ভব হয়নি।

এরপর কেটে যায় দীর্ঘ ৯ মাস। নানা পরিকল্পনা করেও বারবার তাঁদের ফেরার তারিখ পিছিয়ে যাচ্ছিল।শেষ পর্যন্ত ইলন মাস্কের স্পেস এক্স ক্রু-৯ মিশন সফলভাবে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরিয়ে আনে।

সাফল্যের সঙ্গে তাঁরা ফিরে আসায় শুধু নাসা নয়, গর্বিত গোটা বিশ্ব। ভারতের পক্ষ থেকেও এই মহাকাশচারীদের জন্য রইল অভিনন্দন!