“সাঁইথিয়ায় ইন্টারনেট বন্ধ কেন মুখ্যমন্ত্রী জবাব দাও” —বিধানসভা থেকে ওয়াক আউট BJP-র

সাঁইথিয়ায় দোল উৎসবের দিন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিধানসভায় উত্তেজনা ছড়াল। বিজেপি দাবি করেছে, ওই ঘটনার পর থেকেই বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এই ইস্যুতে সরকারের আনুষ্ঠানিক বিবৃতি চেয়ে মঙ্গলবার বিধানসভায় সরব হন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শংকর ঘোষ।
বিজেপির পক্ষ থেকে এবিষয়ে মুলতুবি প্রস্তাব আনতে চাওয়া হলেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। এরপর ক্ষোভে বিধানসভা থেকে স্লোগান দিতে দিতে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভার বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা, যেখানে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, “বীরভূমের সাঁইথিয়ায় টানা কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। লাগু করা হয়েছে ন্যায় সংহিতার ১৬৩ ধারা। মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে এই বিষয়ে জবাব দিতেই হবে।”
তিনি আরও বলেন, “বিধানসভার ভেতর কেন ক্যামেরা নিষিদ্ধ? কেন লাইভ স্ট্রিমিং করা হয় না? স্পিকারের ভূমিকা পক্ষপাতদুষ্ট। তিনি একচোখা আচরণ করছেন।”
বিজেপি ঘোষণা করেছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে বারুইপুরে একটি কর্মসূচি নেওয়া হবে, যেখানে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে।