শ্বশুর পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী দেবেন জামাই, ‘চালাকি’ করলেই ঘোর বিপদ!

শ্বশুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চলেছেন জামাই। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন কল্যাণময় ভট্টাচার্য। এবার আদালতে গোপন জবানবন্দি দেবেন তিনি। সূত্রের খবর, আজ, মঙ্গলবারই নগর দায়রা আদালতে তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। তদন্তকারী সংস্থার অনুমান, এই জবানবন্দিতে উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ নতুন তথ্য।

ইতিমধ্যেই একাধিকবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন কল্যাণময়। সম্প্রতি তিনি বিশেষ ইডি আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেছে। নিয়োগ দুর্নীতির মামলায় তিনিই প্রথম অভিযুক্ত, যিনি তদন্তকারীদের সহযোগিতা করতে রাজি হয়েছেন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের আইনি জটিলতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজ কলকাতার নগর দায়রা আদালতের ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে জবানবন্দি দেবেন তিনি। তবে আইনজীবীদের মত, যদি সত্য তথ্য না দেন বা কোনও রকম গড়িমসি করেন, তাহলে বিপদ বাড়তে পারে তাঁরই। আদালত আগেই স্পষ্ট করেছে, রাজসাক্ষী হওয়ার শর্ত লঙ্ঘিত হলে তাঁকে ফের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হবে।

পেশাগত কারণে নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময়। তবে গত ডিসেম্বরে তিনি কলকাতায় ফেরেন এবং আদালতে হাজিরা দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশ ছাড়তে পারবেন না। এর আগে, ২০২২ সালেও ইডির দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

Saheli Saha
  • Saheli Saha