পৃথিবীর এই স্থানেই আছড়ে পড়বেন সুনীতা, সুস্থ থাকবেন তো? কি বলছে নাসা

৮ দিনের মহাকাশ সফরে গিয়ে আটকে পড়েছিলেন ৯ মাস। অবশেষে পৃথিবীতে ফিরছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের ফিরিয়ে আনতে পৌঁছেছে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। নাসা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে তারা পৃথিবীতে ফিরে আসবেন।
নাসার মতে, গত ৯ মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটিয়ে, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের সঙ্গে আরেকজন মার্কিন মহাকাশচারী ও এক রাশিয়ান কসমোনটও ফিরে আসবেন। মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে তাদের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই ফেরার যাত্রা খুব সহজ হবে না। ফ্লোরিডার উপকূলে সমুদ্রে পড়বে মহাকাশযানের অংশ। তারপর ক্যাপসুল থেকে বেরিয়ে আসবেন তারা। তবে এতে কোনও বিপদের আশঙ্কা নেই, কারণ ক্যাপসুল এমনভাবে তৈরি যে, জল ঢোকার সুযোগ নেই এবং আছড়ে পড়ার সময়ও কোনও ক্ষতি হবে না।
নাসা জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই সুনীতা উইলিয়ামসদের ঘরে ফেরার লাইভ সম্প্রচার শুরু হবে। মহাকাশযানের দরজা বন্ধ হওয়া থেকে শুরু করে পৃথিবীতে অবতরণ পর্যন্ত সবকিছুই সরাসরি দেখা যাবে।