“প্রত্যয় এবং সাহসের জন্য ধন্যবাদ..”- ভারতীয় ডক্টরেট ছাত্রীর ভিসা বাতিল করায় ট্রাম্পের প্রশংসায় তথাগত!

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ছাত্রী রঞ্জনি শ্রীনিবাসনের ভিসা বাতিল করেছে। এই ঘটনায় প্রশংসা করেছেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। জানা গিয়েছে, রঞ্জনি ইতিমধ্যেই আমেরিকা ছেড়ে দিয়েছেন। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নগর পরিকল্পনায় ডক্টরেট করছিলেন এবং এফ-১ ভিসায় পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) অভিযোগ করেছে, রঞ্জনি শ্রীনিবাসন প্যালেস্তিনীয় সন্ত্রাসী সংগঠন হামাসকে সমর্থন করেছেন। ২০২৫ সালের ৫ মার্চ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাঁর ভিসা বাতিল করে এবং ১১ মার্চ তিনি স্বেচ্ছায় নির্বাসনে যান। DHS জানিয়েছে, সিবিপি হোম অ্যাপের মাধ্যমে তাঁর নির্বাসনের তথ্য পাওয়া গেছে। তবে, তিনি সহিংসতায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন কিনা, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ কোনও প্রমাণ প্রদান করেনি।
তথাগত রায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মার্কিন দূতাবাসকে ট্যাগ করে লেখেন, “প্রত্যয় এবং সাহসের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিদেশে গিয়ে সন্ত্রাসবাদকে সমর্থন করার অধিকার কারও নেই।”
Kudos to US President Trump for his courage of conviction. No one in a foreign country, there with the express objective of acquiring knowledge, has a right to support terrorism. @USAndKolkata @USAmbIndia pic.twitter.com/5VtDuIGAqg
— Tathagata Roy (@tathagata2) March 16, 2025
রঞ্জনি শ্রীনিবাসনের শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট সমৃদ্ধ। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে নগর পরিকল্পনায় এমফিল সম্পন্ন করেছেন। এছাড়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং সিইপিটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ডিজাইন কোর্স করেছেন। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ওয়াগনর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, তিনি ভারতের প্রাক-নগরায়নের শহর এবং শ্রমিকদের রাজনৈতিক অর্থনীতি নিয়ে গবেষণা করছিলেন।
এই ঘটনার পর, হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, “আমেরিকায় পড়াশোনার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। কিন্তু সহিংসতা ও সন্ত্রাসবাদ সমর্থন করলে সেই বিশেষাধিকার প্রত্যাহার করা উচিত। রঞ্জনি শ্রীনিবাসনের স্বেচ্ছায় নির্বাসন ইতিবাচক পদক্ষেপ।”