OLA-কে দেউলিয়া ঘোষণা করার আবেদন! আদালতে মামলা হতেই তোলপাড় গাড়ি ব্যবসায়

ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে গ্রাহক পরিষেবা সংক্রান্ত অভিযোগগুলি সরকারের নজরে আসে। এবার রোসমের্তা ডিজিটাল সরাসরি ওলা ইলেকট্রিক টেকনোলজিসকে দেউলিয়া ঘোষণা করার আবেদন জানিয়েছে। উল্লেখ্য, ওলা ইলেকট্রিক টেকনোলজিস, ওলা ইলেকট্রিকের অধীনস্থ সংস্থা এবং রোসমের্তা ডিজিটাল, রোসমের্তা টেকনোলজিস লিমিটেডের অধীনস্থ সংস্থা, যারা ডিজিটাল পরিষেবা ও যানবাহনের যন্ত্রাংশের জন্য বিশেষ ডিজিটাল পরিষেবা প্রদান করে।
রোসমের্তা ডিজিটাল, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যাল (NCLT)-এ ওলাকে দেউলিয়া ঘোষণা করার আবেদন জানায়। এর আগে, ওলা ঘোষণা করেছিল যে তারা রোসমের্তা ডিজিটাল ও শিমনিট ইন্ডিয়ার সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করছে, যার কারণ হিসাবে খরচ কমানো ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত করার কথা জানানো হয়েছিল।
২০২৪ সালের নভেম্বরে ওলা তাদের ‘নেটওয়ার্ক ট্রান্সফর্মেশন’ এবং ‘ওপেক্স রিডাকশন’ প্রোগ্রাম চালু করে, যার লক্ষ্য ছিল সংস্থার খরচ কমানো ও গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা। ওলা দাবি করেছে, এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৯০ কোটি টাকা সাশ্রয় হয়েছে এবং আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার পরিচালন খরচ, কর পূর্ববর্তী আয়ের সমান হবে।
তবে, রোসমের্তা ডিজিটালের দেউলিয়া ঘোষণার দাবির বিরোধিতা করেছে ওলা ইলেকট্রিক। তারা জানিয়েছে, সংস্থা নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে এবং উপযুক্ত আইনি পরামর্শও নিয়েছে।