IPL 2025-এ নিষিদ্ধ তামাক ও মদ্যপানের বিজ্ঞাপন! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কড়া নির্দেশ

আসন্ন আইপিএল ২০২৫-এ বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের জনপ্রিয় এই ক্রিকেট লিগে তামাক ও মদ্যপানের সমস্ত রকম বিজ্ঞাপন নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমালের কাছে পাঠানো এক চিঠিতে, ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS) অতুল গোয়েল স্টেডিয়ামের ভিতরে ও টেলিভিশনে সম্প্রচারিত ম্যাচ চলাকালীন এই নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের সঙ্গে সম্পর্কিত সব ইভেন্ট, স্টেডিয়াম ও টেলিভিশন সম্প্রচারে তামাক ও মদ্যপানের প্রচার বন্ধ রাখতে হবে। গত বছরও DGHS বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-কে অনুরোধ করেছিল ক্রিকেটারদের দিয়ে তামাক ও মদের প্রতিস্থাপক বিজ্ঞাপন (surrogate advertising) প্রচার বন্ধ করতে।

DGHS-এর মতে, ক্রীড়াবিদরা তরুণদের রোল মডেল। তাদের মাধ্যমে তামাক ও মদ্যপানের প্রচার বন্ধ হলে তরুণ সমাজে এই ধরনের আসক্তির প্রবণতা হ্রাস পাবে।

DGHS অতুল গোয়েল বলেন,”ভারতে অসংক্রামক রোগ (NCD) ব্যাপকভাবে বাড়ছে। হৃদরোগ, ক্যানসার, ফুসফুসের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যার জন্য প্রতি বছর ৭০%-এর বেশি মৃত্যু হচ্ছে। তামাক ও মদ্যপান এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে তামাকজনিত মৃত্যুর ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে প্রতি বছর প্রায় ১৪ লাখ মানুষ প্রাণ হারান। তাই আইপিএলের মতো বৃহৎ ক্রীড়া প্ল্যাটফর্মের উচিত জনস্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখা।”

আগামী ২২ মার্চ শুরু হতে চলা আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, এবং ফাইনাল ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে, কারণ KKR বর্তমান চ্যাম্পিয়ন। অর্থাৎ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের ফলে এবার ইডেনে কোনও তামাক ও মদ্যপানের বিজ্ঞাপন দেখা যাবে না, এমনকি স্টেডিয়ামে তামাকজাত পণ্য বিক্রিও নিষিদ্ধ করা হতে পারে।

এই পদক্ষেপ আইপিএলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জনস্বাস্থ্য ও সামাজিক দায়িত্বের দিক থেকে বড় ভূমিকা পালন করতে পারে।