হলি পার্টিতে ‘ডাকাতিয়া বাঁশি’র সুরে ঠুমকা লাগলেন শিবপ্রসাদ-শ্রাবন্তী, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

হলি আসতে এখনও কিছুদিন বাকি। তবে উইন্ডোজ প্রোডাকশন হাউসে ইতিমধ্যেই বসন্তের আবহ! ১০ মার্চ, সোমবার পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার আয়োজনে জমে উঠল হলি পার্টি। সাদা পোশাকে সেজে উঠেছিলেন অতিথিরা, আর পার্টির মূল আকর্ষণ হয়ে উঠল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জমজমাট নাচ।
টলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসঙ্গে ‘বহুরূপী’ সিনেমার ‘ডাকাতিয়া বাঁশি’ গানে নেচে মাতিয়ে দিলেন পার্টি। সাদা শিফন শাড়িতে মোহময়ী শ্রাবন্তী ও ব্রাউন প্যান্ট-সাদা শার্টে অনবদ্য শিবপ্রসাদ একসঙ্গে আবির মাখিয়ে উদযাপন করলেন দোল উৎসব।
শুধু শিবপ্রসাদ-শ্রাবন্তীই নন, পার্টিতে তাঁদের সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র, শ্রুতি দাসসহ আরও অনেকে। টলিউড লাইভ-এর সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
এই পার্টিতেই আরও একটি চমক ছিল – মুক্তি পেল ‘আমার বস’ ছবির দোলের গান ‘আজ বসন্ত ডেকেছে আমাকে’। এই গানের সুরেও শ্রুতি দাস, সৌরসেনী মৈত্ররা নাচলেন। উইন্ডোজ প্রোডাকশনের হলি পার্টিতে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে শ্রুতি দাসকেও দেখা গেল।
View this post on Instagram
এদিকে, ‘আমার বস’ সিনেমার মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে। প্রথমে ঠিক ছিল ১৬ মে মুক্তি পাবে সিনেমাটি, কিন্তু এখন তা ৯ মে মুক্তি পাবে। কারণ হিসেবে শিবপ্রসাদ জানিয়েছেন,“১১ মে মাতৃদিবস। তাই পরিবারের সবাই যেন মাকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে যেতে পারেন, সেই ভাবনাতেই মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে।”
এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ‘রাঙা বউ’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাসের। এছাড়াও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, গৌরব চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং কিংবদন্তি রাখি গুলজার।
উইন্ডোজ প্রোডাকশনের হলি পার্টিতে টলিউডের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দোলের আগেই শিবপ্রসাদ-শ্রাবন্তীর নাচ ও ‘আমার বস’ ছবির নতুন গান পুজোর আগাম উৎসবের আনন্দ নিয়ে এসেছে টলিউডের অঙ্গনে।