Recipe: লাউপাতায় মোড়া মৌরলা মাছের ভাপা, শিখেনিন বাঙালি রান্নার সেরা পদ্ধতি

মাছের ভাপা খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুব কমই আছেন। ইলিশ ভাপা বা কই ভাপা তো অনেকের পছন্দের তালিকায় থাকে, তবে এগুলোর দাম সারা বছরই একটু বেশি থাকে। তাই সাধ্যের মধ্যে সুস্বাদু ভাপা মাছ খেতে চাইলে মৌরলা মাছই হতে পারে সেরা পছন্দ। বাজারে সহজেই পাওয়া যায় মৌরলা, আর এই মাছ দিয়ে তৈরি ভাপা স্বাদে অসাধারণ হয়। তবে টিফিন কৌটোয় নয়, লাউপাতায় ভাপে বানিয়ে খেলে স্বাদ কয়েকগুণ বেড়ে যায়।
লাউপাতায় মৌরলা ভাপার রেসিপি
উপকরণ:
২০০ গ্রাম মৌরলা মাছ
১টি বড় পেঁয়াজ কুঁচি
১ চা চামচ হলুদ গুঁড়ো
২টি লাল কাঁচা লংকা বাটা
১ চা চামচ জিরা বাটা
১ চা চামচ রসুন বাটা
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ পেঁয়াজ বাটা
১টি মাঝারি টমেটো কুচি
২ টেবিল চামচ ধনে পাতা কুচি
২ টেবিল চামচ সর্ষের তেল
পরিমাণ মতো নুন
৫-৬টি বড় লাউ পাতা
প্রস্তুতির পদ্ধতি:
১. প্রথমে লাউপাতাগুলো ভালো করে ধুয়ে রাখুন।2. একটি বড় থালার মধ্যে পরপর কয়েকটি লাউ পাতা বিছিয়ে রাখুন।3. অন্য একটি পাত্রে মৌরলা মাছ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, লংকা বাটা, নুন ও সর্ষের তেল একসঙ্গে ভালোভাবে মেখে নিন।
4. মাখানো মাছ মিশ্রণটি সাজিয়ে রাখা লাউ পাতার উপর রাখুন।
5. ওপরে কয়েকটি গোটা কাঁচা লংকা ছড়িয়ে দিন।
6. লাউপাতাগুলি ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দিন, যাতে ভাপে রান্না করার সময় খুলে না যায়।
7. একটি প্যানে সামান্য সর্ষের তেল দিন ও তার উপর বেঁধে রাখা লাউপাতাগুলি রাখুন।
8. গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে রান্না করুন। কিছুক্ষণ পরপর উলটে পালটে দিন।
9. ভালোভাবে ভাপা হলে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন।
এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু লাউপাতার মৌরলা ভাপা। দেখবেন নিমেষেই একথালা ভাত শেষ হয়ে যাবে!